পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-ইটপাটকেল নিক্ষেপ, আটক ৪

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৮টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শনিবার রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছালে ভবনের ওপর থেকে একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করা হয়। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হননি।
ককটেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা বুঝতে পেরে ছাত্রদলের নেতাকর্মীরা মার্কেটটি ঘিরে ফেলেন। এ সময় সন্দেহভাজন চারজনকে সেখানে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে নাশকতা চালাচ্ছে। তার প্রতিবাদে আমরা একটি বিক্ষোভ মিছিল করার সময় আমাদের ওপর ককটেল আর খোয়া নিক্ষেপ করা হয়। আমরা তাৎক্ষণিক সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নতুন নয়। আমার রাজপথে ছিলাম, থাকব।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মার্কেটের ভেতরে আটকে রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয়, সেখানে অবস্থানের কারণ এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














