ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা খলিল

রাজধানীর বাংলামোটর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ইব্রাহিম খলিলের দাবি, আটক তরুণ এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। বিষয়টি জানতে পেরে ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে তাকে আটক করেন তিনি।
পরে খোঁজ নিয়ে জানা যায়, আটক তরুণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতা। তার মামা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি বলেও জানা গেছে।
পরে ওই তরুণকে কলাবাগান থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, এ ধরনের একজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিষয়ে তদন্ত চলছে।












