ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে তরুণকে পিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর

ফেনী শহরে ধর্ম অবমাননার অভিযোগে এক তরুণকে মারধর করেছেন উত্তেজিত লোকজন। এ সময় তাকে আটক করে থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এতে দুই পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে শহরের কলেজ রোড এলাকার গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
আটক তরুণের নাম আনোয়ার হোসেন পারভেজ (৩৫)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইমান আলী সওদাগর বাড়ির কামাল উদ্দিনের ছেলে। শহরের গার্ডেন সিটির ১৬ তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সম্প্রতি ‘লিহন প্রাইম’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে ধারাবাহিকভাবে পোস্ট দেন পারভেজ। এ নিয়ে কয়েক দিন ধরে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তেজিত লোকজন তার বাসার নিচে জড়ো হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজ ও তার স্ত্রীকে বাসা থেকে আটক করে। পরে তাদের পুলিশের গাড়িতে তোলার সময় পারভেজকে মারধর করেন উত্তেজিত লোকজন। এ সময় গাড়ির ভেতরে থাকা তাকে লক্ষ্য করে লাঠি, ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়। ইটপাটকেলের আঘাতে পুলিশের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ফেনী মডেল থানার নারী কনস্টেবল ভানু দাশ ও গাড়িচালক কনস্টেবল তারিকুল ইসলাম আহত হয়েছেন। তারা ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি বলেন, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ওই তরুণ ও তার স্ত্রী থানা হেফাজতে রয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








-b362f4-256x144.webp)




