কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টারে ককটেল বোমা বিস্ফোরণ

কুষ্টিয়া জেলা কারাগারের আবাসিক কোয়ার্টারে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে কারাগারের মূল ফটক লক্ষ্য করে বোমা ছুড়ে দিয়েছিল দুর্বৃত্তরা। দুই ঘটনায় কেউ হতাহত না হলেও কারাগার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কারাগারের জেল সুপারের বাসভবনের পাশে কারারক্ষীদের আবাসিক এলাকায় ককটেল বিস্ফোরিত হয়। এর আগে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে ভোরে।
পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কারাগারের পূর্বদক্ষিণ পাশের প্রাচীরের ওপর দিয়ে দুর্বৃত্তরা টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল বোমা নিক্ষেপ করে। বোমাটি গাছে লেগে কারারক্ষীদের আবাসিক ভবনের চালের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দ ও ধোঁয়া হয়
কারাগারের দক্ষিণ পাশে জেলখানা মোড় এলাকায় শশী অটো হাউজের পাশের ফাঁকা জায়গা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জায়গাটি পরিত্যক্ত ও জনশূন্য। তবে পাশের সড়কটি ব্যস্ততম এবং হাউজিং এস্টেটে যাতায়াতের প্রধান সড়ক।
কারারক্ষী তরিকুল ইসলাম বলেন, আমরা আবাসিক এলাকায় বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় বিকট শব্দ হয়। বলের মতো টেপ দিয়ে মোড়ানো বোমাটি গাছে ও চালের ওপর পড়ে।
ঘটনার পর পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো.শরিফুল আলম জানান, বিকালে বিকট শব্দ হলে খোঁজখবর নিয়ে দেখতে পাই, কালিশংকপুর মোড়ের দিকে আমাদের আবাসিক কোয়ার্টারের টিনের ওপর একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন বলেন, বিস্ফোরণের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তের কাজ চলমান।
















