সাবেক মন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
ডা. সেলিম চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। কয়েক বছর এ দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটিরও সদস্য।
রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে খুলশী থানা পুলিশ গ্রেপ্তার করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মামলার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশ সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে চলমান নাশকতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে ডা. সেলিমের বিরুদ্ধে। একই অভিযোগে আজ সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
ডা. সেলিমের স্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বোন। নওফেলের বাবা চট্টগ্রামের প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীও দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।













-b83f2d.jpg)
