নেত্রকোণায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ ১০ নেতার বাড়িতে আগুন

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ ১০ নেতার বাড়িতে আগুন

নেত্রকোণার পূর্বধলায় উপজেলা যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করার জেরে সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের অন্তত ১০ নেতাকর্মীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিকী রানার ওপর এ হামলা হয়। এর জেরে রাত ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় পাল্টা হামলা ও অগ্নিসংযোগ শুরু হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে করে একদল নেতাকর্মী জালশুকা রেলক্রসিং এলাকা থেকে বের হন। তারা বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী, সরিস্তলা ও বাদেপুটিকা বাজার এলাকায় গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষ বাঁধে এবং আবু বকর সিদ্দিকী রানাকে কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা রানাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বাড়িতে আগুন দেন বলে অভিযোগ ওঠে। এরপর নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

হামলা ও অগ্নিসংযোগের সময় সাবেক এমপি আহমদ হোসেনের ভাতিজা ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনের ভাই সাখাওয়াত হোসেন শাকু ঘরের বাথরুমে আটকা পড়েন। পরে এলাকাবাসী তাকে দগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ছাড়া পর্যায়ক্রমে সাবেক এমপি আহমদ হোসেনের বড় ভাই ও ছাত্রলীগ নেতা শাহাদাতের বাবা আমজাদ হোসেনের বাড়ি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভর বাড়ি ও পুটিকা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার খান, যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খান জুয়েল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. ওয়াহিদুর রহমান ছোটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, আওয়ামী লীগ সদস্য ফয়জুর রহমান ঝন্টু, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয়।

এ বিষয়ে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার বলেন, "আমি বর্তমানে ঢাকায় আছি, তবে ঘটনার কথা শুনেছি। কারা অগ্নিসংযোগে জড়িত তা আমার জানা নেই। তবে দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত ও শান্ত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।"

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রোববার সকালে জানান, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার জেরেই এসব ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। তবে ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন কারাগারে রয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad