সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। ছবি: সংগৃহীত
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। পুলিশের প্রাথমিক তথ্য বলছে, দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে তার যোগসূত্র রয়েছে।

ডিবির দায়িত্বে থাকা ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে স্বপন ভট্টাচার্যকে আটক করা হয়।

স্বপন ভট্টাচার্যের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য।

গোয়েন্দা পুলিশের প্রাথমিক তথ্য বলছে, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম আওয়ামী লীগের নেতাকর্মীদের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য মিলেছে। এ অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে ডিবি।

স্বপন ভট্টাচার্য ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সেবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি।

পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সেবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে।

২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছিলেন স্বপন ভট্টাচার্য। তবে এ নির্বাচনে তাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান ‘বিদ্রোহী’ ইয়াকুব আলী।

স্বপন ভট্টাচার্য ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে যুক্ত হলেও পরে আওয়ামী লীগে যোগ দেন। তার পরিবারের সদস্যরাও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। তার বড় ভাই পীযুষ কান্তি ভট্টাচার্য্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তার ভাতিজা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad