পদ্মা সেতু এলাকায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১: ৪৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পদ্মা সেতু অবরোধ ও ভাঙচুরকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সেপাহি নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

রোববার ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিন সেপাহির ছেলে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে এক যুবলীগ কর্মী নিহত হন। তবে দুজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

এর আগে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ ও ভাঙচুর চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং বিএনপির সমাবেশস্থলে থাকা প্রায় ২০টি মোটরসাইকেলসহ একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্রসহ কয়েক হাজার মানুষকে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায় এবং একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হলে সেখানে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে লাগাতার ককটেল বিস্ফোরণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন এবং প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেন। এরপর নাওডোবা গোলচত্বরের ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে পদ্মা সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ও পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁতেও আগুন দেওয়া হয়। তবে আগুনে স্থাপনা দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad