মতিঝিলে প্রকাশ্যে গুলি করে টাকা ছিনতাই, হাসপাতালে ভুক্তভোগী

রাজধানীর মতিঝিলে এক ব্যক্তিকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন অস্ত্রধারীরা।
রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
এ ঘটনায় হাতে ও পায়ে গুলিবিদ্ধ ৪৫ বছর বয়সী মো. লোকমানকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার পেশা বা অন্যান্য পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
ওসি কামরুজ্জামান বলেন, তিনটি বাইকে করে ৬ জন ব্যক্তি ব্যাংকের সামনে এসে লোকমান নামে ওই যুবককে গুলি করে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ওসি আরও বলেন, ভুক্তভোগী লোকমানের ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল বলে তিনি জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।
পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ। ব্যাংক থেকে টাকা তোলার খবর আগে থেকেই কীভাবে চক্রের কাছে পৌঁছাল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল থানার পুলিশ কর্মকর্তারা।
ওসি কামরুজ্জামান বলেন, জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহের কাজ চলছে।
















