কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ঢাবি কর্মচারী গুরুতর আহত

রাজধানীর লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেলটি মাথায় পড়ে বিস্ফোরিত হলে গুরুতর আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মচারী জাহাঙ্গীর আলম (৪৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালি। কবি নজরুল কলেজেও খণ্ডকালীন মালির কাজ করেন তিনি। বাসা রাজধানীর লালবাগ আজিমপুরে সমাজকল্যাণ গলিতে।
জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন জানান, জাহাঙ্গীর কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ একটি ককটেল এসে তার মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে জাহাঙ্গীরের মাথা ও চোখে গুরুতর জখম হয়। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ককটেলের আঘাতে আহত ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। দার মাথায় ও বাঁ চোখে আঘাত রয়েছে।















