লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

লালমনিরহাট সদর উপজেলায় ট্রাক, গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজনের প্রাণহানি ঘটেছে; এ সময় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে।
রোববার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বাজার ও বসুনিয়াবাড়ী এলাকার মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গরু ব্যবসায়ী ফজলুল হক (৫০) ও মোটরসাইকেল আরোহী এমদাদুল হক (৫০)। ফজলুল হক সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া মৌজার খোঁড়াগাছ এলাকার মনজুর আলীর ছেলে এবং স্থানীয় মাছ ব্যবসায়ী ফজলের ছোট ভাই। অন্যদিকে এমদাদুল হক একই ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকার আব্দুস সোবাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে কুড়িগ্রাম দিক থেকে আসা একটি ট্রাক গরুবাহী নছিমন ও মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনটি যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এমদাদুল হককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। দুর্ঘটনায় নছিমনের একটি গরুও প্রাণ হারায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) খাদিমুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধারের কাজ চলছে। নিহত ফজলুল হকের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল ইসলাম জানান, ট্রাকের ধাক্কায় সংঘটিত এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।














