তারানা হালিমের অবস্থানের তথ্য পেয়ে গুলশানের বাসায় পুলিশ, মেলেনি খোঁজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তারানা হালিমের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
তারানা হালিমের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিম গুলশানের বাসায় অবস্থান করছেন— এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযান চালিয়ে তাকে বাসায় পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকেল থেকে রাত পৌনে আটটা পর্যন্ত রাজধানীর গুলশান-২ এলাকার ওই বাসায় পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর রাত পৌনে আটটার দিকে বলেন, “আমরা ওই বাসায় একটা তথ্য পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।”

এদিকে বাড়িটির নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, শনিবার বিকেল তিনটার পর পুলিশ সেখানে যায়। তবে ওই সময় বাসায় কেউ ছিলেন না।

শরিফ বলেন, “উনিতো এমপি আছিল। উনিতো গেছেই গা, দেশ ছাইড়া পলায়া। স্যারের বাসা চারতলায়। দুইজন নারী পুলিশ ওপরে গিয়েছিল। কিছু বের করে নাই। ভেতরে নাই তো কেউ। মানুষ তো নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।”

ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে দেখা যায়। তাদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, ভবনটির নিরাপত্তাকর্মী এবং গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীরাও সেখানে ছিলেন। বাসার সামনে একটি মালবাহী পিকআপও দেখা যায়।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারানা হালিমকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য।

২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় তথ্য ও টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি আইন পেশাতেও পরিচিতি রয়েছে তার।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad