বৈশাখী টিভিতে চাকরিচ্যুতি নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
টেলিভিশনটি চ্যানেলটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে হেফাজতে নেয় পুলিশ। ছবি: সংগৃহীত
টেলিভিশনটি চ্যানেলটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে হেফাজতে নেয় পুলিশ। ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের ভেতরে আওয়ামী লীগের ‘দোসর’ রয়েছেন— এমন অভিযোগ তুলে শনিবার দুপুরে তারা কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে সেখানে গিয়ে সংবাদমাধ্যমটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে হেফাজতে নেয় পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে মহাখালীর ওয়্যারলেস এলাকায় বৈশাখী টেলিভিশনের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেওয়ার কথা জানান বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। তার অভিযোগ, আওয়ামী লীগের ‘দোসর’ টিপু আলম মিলন এ দিন কার্যালয়ে এসে ‘বিএনপিমনা সাংবাদিকদের’ চাকরি ছেড়ে দিতে বলেন। এ খবর পেয়ে তারা সেখানে যান।

টিপু আলম মিলন প্রসঙ্গে মেহেদী হাসান মিশু বলেন, “তিনি চব্বিশের ৫ অগাস্টের পর থেকেই অফিসে আসেন না। এখন তাদের আপা আসবে ভেবে আজই অফিসে আসছে। আজ এসেই বিএনপিমনা সকলকে রিজাইন দিতে বলতেছে জোর করে, সেজন্য আমরা আসছি। উনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলা আছে, দুদকের মামলাও আছে।”

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একটি মামলার আসামি সেখানে অবস্থান করছেন— এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বৈশাখী টেলিভিশনের একাধিক কর্মীর ভাষ্য, প্রতিষ্ঠানটির অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ নাহিয়ানকে চাকরিচ্যুত করা নিয়ে ঘটনার সূত্রপাত। স্বেচ্ছাসেবক দল নেতা মিশুও বলেন, টিপু আলম মিলন নাহিয়ানকে পদত্যাগ করতে বলেছেন এবং তার গায়ে হাত তুলেছেন— এ খবর পেয়ে তারা কার্যালয়ে যান।

একপর্যায়ে মিশুর নেতৃত্বে একদল নেতাকর্মী কার্যালয়ের ভেতরে প্রবেশ করে হট্টগোল শুরু করেন। মিশু বলেন, “আমি টিপুকে বলছি যে, আপনার বিরুদ্ধে মামলা আছে আপনি আসুন। আমি বনানী থানাকে আগেই ফোন দিয়েছিলাম। সে আজকে অফিসে এসে বলতেছে বিএনপিমনা যারা আছে, তাদেরকে ভাগায়ে দাও। আমরা ওনাকে বলেছিলাম যে, বনানী থানায় গিয়ে কথা বলি। পুলিশ আসতে দেরি হইছে, এরমধ্যে টিপুর লোকজন আমাদের ৫ জনকে মারধর করে রক্তাক্ত করেছে।”

এদিকে বিকেল ৪টার দিকে ‘বৈশাখী টিভি নিউজ’ নামের ফেসবুক পেজ থেকে একটি লাইভ সম্প্রচার করা হয়। সেখানে ‘মব’ ও ভাঙচুরের অভিযোগ তোলা হলেও নিরাপত্তার স্বার্থে লাইভে আসা ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেননি। প্রায় সোয়া চার মিনিটের ওই সম্প্রচারে তাকে বলতে শোনা যায়, “এই যে আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন, ওই যে সাদা শার্ট পরা মোবাইল... মোবাইল টিপছে, এই মানুষটা কিছুক্ষণ আগে বৈশাখী টেলিভিশনে ব্যাপক ভাঙচুর করেছে।”

ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে মিশু বলেন, “আমরা কোন হামলা করিনি, ভাংচুর করিনি। ছবি-ভিডিও আছে আমাদের কাছে, এভিডেন্স আছে সব। ওনারাই শাটার লাগিয়ে আমাদের পাঁচজনের উপর মিনিমাম ২৫-৩০ জন হামলা করল। পরে পুলিশের কর্মকর্তারা এসে মামলা যেহেতু আছে, টিপুরে এরেস্ট করে নিয়ে গেছে।”

তবে ডিএমডি টিপু আলম মিলনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ডেকে আনার অভিযোগ অস্বীকার করেছেন হোসাইন মোহাম্মদ নাহিয়ান। প্রায় ১৭ মাস ধরে বৈশাখী টেলিভিশনে কর্মরত নাহিয়ানের অভিযোগ, শনিবার টিপু তাকে চাকরি ছেড়ে দিতে বলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

নাহিয়ান বলেন, “আজকে উনি আমাকে বলতেছে তুমি রিজাইন দিয়ে চলে যাও। তখন আমি বললাম আমারতো কোন ফল্ট নাই। একপর্যায়ে আমি বলেছি তিন মাসের বেতন দিয়ে দিয়ে দেও, আমি চলে যাই।আমি উনার রুমে বসা ছিলাম।”

পরে মানবসম্পদ বিভাগের (এইচআর) পক্ষ থেকে তাকে ডেকে কাগজপত্র ও পাওনা বুঝে নিতে বলা হয় বলে জানান তিনি। নাহিয়ান বলেন, “এইচআর প্রধানের রুমে বসা অবস্থায়ই আমি খবর পাই ডিএমডিকে লোকজন এসে তুলে নিয়ে যাচ্ছে। ডিএমডির রুম থেকে এইচআরের রুম পর্যন্ত যাওয়ার অল্প সময়ের মধ্যেই ঘটনাটি ঘটেছে। এজন্য সবাই ভেবেছে আমি ডেকে নিয়ে আসছি।”

তিনি বলেন, “আমি কাউকে ফোন দিলেওতো এতো মানুষ আসতে ২-৩ ঘণ্টা সময় লাগবে। ডিএমডিও আমাকে বলে ‘তুই এই কাজ করছিস’। এজন্য আমাকে মারধরও করছে। পরে পুলিশ আসছে বিষয়টা বুঝতে পেরে উনি আমাকে স্যরি বলেছেন।”

চাকরিচ্যুতির খবর পেয়ে লোকজন সেখানে গিয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে নাহিয়ান বলেন, “বিষয়টা ওরকম না, এটা আমি জানি না। ওদের কাউকে চিনি না, আমি পলিটিক্স করি না। আমাকে চাকরিচ্যুত করছে, তিন মাসের টাকা দিবে, আমি বের হয়ে যাব। এখানে চাকরি করব না, অন্য কোথাও চাকরি হবে। আমি এসব কেন করতে যাব?”

ঘটনায় দুই পক্ষের লোকজনই মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেন নাহিয়ান। তার ভাষ্য, “দুই পক্ষই দুই পক্ষকে মেরেছে”

টিপু আলম মিলনকে পুলিশ নিয়ে যাওয়ার পর চাকরিচ্যুতির সিদ্ধান্ত বহাল না থাকলেও বৈশাখী টেলিভিশনে আর কাজ করতে চান না বলে জানান নাহিয়ান। তিনি বলেন, “এখানে জব করব না, সবাই ভুল বুঝতেছে আমি এ ঘটনা ঘটাইছি। আমি চলে যাব।”

বিকেল পৌনে ৫টার দিকে টিপু আলম মিলনকে বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে বের করে নিয়ে যায় পুলিশ।

এর আগে কার্যালয়ের সামনে অর্ধশতাধিক লোকজনকে অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

নিজেকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী পরিচয় দেওয়া সিয়াম নামে একজন দাবি করেন, তারা কার্যালয়ে ঢুকে কোনো ভাঙচুর করেননি। তিনি বলেন, “আমরা ভেতরে ঢুকে কোনো ভাংচুর করিনি। তারা যে ভাংচুরের কথা বলছে, তারা আওয়ামী লীগের মতো গুজব ছড়াচ্ছে। এখানে সর্বোচ্চ একটা চেয়ার ভেঙেছে, যেটি বৈশাখীর লোকজনই আমাদের একজনকে ওই চেয়ার দিয়ে মেরেছেন। সে এখন কুর্মিটোলা হাসপাতালে আছে।”

তিনি আরও বলেন, “এখানে যা হয়েছে, সবকিছুর ভিডিও আমাদের কাছে আছে। সিনিয়র নেতারা চাইলে আমরা ভিডিও প্রকাশ করব। কিন্তু আপনারা চাইলে ভেতরে গিয়ে দেখে আসতে পারেন, কোথাও ভাংচুর করা হয়েছে কি না।”

ভাঙচুরের অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও জানান তিনি।

এ বিষয়ে বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। টেলিভিশনটির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন জানান, তিনি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে আছেন। ঝামেলা হয়েছে বলে শুনেছেম। তবে বিস্তারিত তেমন কিছু জানেন না।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad