বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তে শেকৃবি শিক্ষার্থীদের প্রতিবাদ, ভাঙচুর

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার সকালে মিছিল নিয়ে মাঠে গিয়ে তারা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেট ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠ ফিরিয়ে দেওয়া এবং সেখানে মেলা বন্ধের দাবি তাদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় মাঠ পুনরুদ্ধার ও মেলা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। একপর্যায়ে মেলার প্রবেশগেট ও স্টলসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে দফায় দফায় এ ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থী সাদমান কবির বলেন, মেলা সরিয়ে নেয়ার জন্য গতকাল আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল। এ জন্য সময়ও বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে কোনো অগ্রগতি আমরা দেখিনি। আমরা আমাদের মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
এ বিষয়ে মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, ‘আমরা এখনই গেট সরিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলব।’
এর আগে মঙ্গলবার পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে যান। পরে মাটি পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান তারা।
বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে এর আগেও শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। তাদের দাবি, গবেষণা কার্যক্রমের স্বার্থে মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে ফিরিয়ে দিতে হবে এবং সেখানে বাণিজ্য মেলার আয়োজন বন্ধ করতে হবে।
এদিকে শিক্ষার্থীদের ভাঙচুরের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ভাঙচুর কখনোই সমর্থনযোগ্য নয়। এ বিষয়ে কোর কমিটির সঙ্গে বসে আলোচনা করব এবং আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কী করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’









-11dfae-256x144.webp)


-71db92.jpg)



