মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, মালপত্র সরিয়ে নিচ্ছেন হকাররা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার মিরপুর-১ এলাকায় সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবি: সংগৃহীত
বুধবার মিরপুর-১ এলাকায় সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ এলাকায় ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরাতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ঘটনাস্থলে পৌঁছালে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এর মধ্যে অনেক হকারকে দোকানের পণ্য সরিয়ে নিতে দেখা যায়।

মিরপুর-১ চত্বর থেকে শাহ আলী মাজারমুখী সড়ক, শাহ আলী কাঁচাবাজার এবং আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে। এসব এলাকার ফুটপাত ও সড়কের যেসব অংশে দোকানপাট ও অন্যান্য স্থাপনা বসানো হয়েছে, সেগুলো সরিয়ে চলাচলের জায়গা উন্মুক্ত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

বুধবার সকাল ১০টা থেকে অভিযান শুরুর কথা থাকলেও ওই সময় কার্যক্রম শুরু হয়নি। তবে তার আগেই মাজারমুখী সড়কের ফুটপাত থেকে বেশ কয়েকজন ব্যবসায়ী ও হকার নিজেদের মালপত্র সরিয়ে নেন।

অন্যদিকে শাহ আলী কলেজ মার্কেট, শাহ আলী কাঁচাবাজার ও শাহ স্মৃতি মার্কেটের সামনের বিভিন্ন জায়গায় তখনো সবজি, মসলা, কাঁচামালসহ নানা পণ্যের দোকান দেখা যায়।

বুধবার মিরপুর-১ এলাকায় সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবি: সংগৃহীত
বুধবার মিরপুর-১ এলাকায় সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবি: সংগৃহীত

পরে প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে অভিযানস্থলে আসেন। এ সময় তাঁদের ‘জনগণের দাবি এক, ফুটপাত উচ্ছেদ’ স্লোগান দিতে শোনা যায়।

উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার পর দোকানের জিনিসপত্র গুটিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন হকাররা। কেউ সবজি ও কাঁচামাল সরিয়ে নিচ্ছিলেন, কেউ আবার অন্যান্য পণ্য নিয়ে যাচ্ছিলেন অন্যত্র।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিরপুর-১ এলাকায় উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়েছিল ডিএনসিসির জনসংযোগ বিভাগ। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নগরবাসীর চলাচলের পথ উন্মুক্ত রাখা, অবৈধ দখল বন্ধ করা এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad