শ্যালিকাকে বিয়ে, তরুণসহ ২ স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া

নওগাঁর মহাদেবপুরে আপন শ্যালিকাকে বিয়ে করায় এক তরুণ ও তার দুই স্ত্রীকে মারধর, মুখে চুনকালি মাখানো এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ৩৫ বছর বয়সী ওই তরুণ নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তিনি পেশায় এক আইনজীবীর সহকারী। গত রোববার সন্ধ্যায় ২১ বছর বয়সী আপন শ্যালিকাকে বিয়ে করেন তিনি। তার প্রথম স্ত্রীও ওই তরুণীর আপন বোন। দুই স্ত্রীকে নিয়ে তিনি বদলগাছী উপজেলা সদরের একটি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রের ভাষ্য, দুই বোনকে বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পর এলাকায় আপত্তি তৈরি হয়। একসঙ্গে দুই বোনকে বিয়ে করা ধর্মীয় বিধানের পরিপন্থি— এমন কথা বলে বদলগাছীর ভাড়া বাসা ছেড়ে দেওয়ার জন্য ওই তরুণকে বলা হয়। পরে স্থানীয়দের বিরোধিতার মুখে জিনিসপত্র নিয়ে দুই স্ত্রীকে সঙ্গে করে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে চলে যান তিনি।
-11f0bd.jpg)
প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত ১০টার দিকে তাদের সেখানে অবস্থানের খবর ছড়িয়ে পড়লে বাড়িটিতে ভিড় করেন স্থানীয় লোকজন। এই বিয়ে তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে— এমন অভিযোগ তুলে তারা তিনজনকে গ্রাম ছাড়তে চাপ দেন। পরে তাদের মারধর করে মুখে চুনকালি মাখানো হয় এবং গলায় পরানো হয় জুতার মালা। এরপর গ্রাম থেকে বের করে দেওয়া হয় তাদের।
ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাতে এক তরুণ ও দুই নারীকে ঘিরে রেখেছেন একদল মানুষ। একজন ওই তরুণকে ধরে রেখেছেন। এ সময় আরেক নারী তাদের মুখে চুনকালি মাখিয়ে দেন। উপস্থিত কয়েকজনকে ‘চুনকালি, চুনকালি’ বলে উল্লাস করতে শোনা যায়। পরে গ্রাম থেকে বের করে দেওয়ার সময় লাঠিসোঁটা নিয়ে কয়েকজন ওই তরুণকে মারধর করেন।
ঘটনার বিষয়ে তরুণের শ্বশুর বলেন, তার দুই মেয়ে ও জামাতা গতকাল রাত আটটার দিকে বাড়িতে আসেন। তাদের আসার খবর পেয়ে গ্রামের কিছু লোক বাড়িতে এসে নানা ধরনের হেনস্তা করেন। একপর্যায়ে গ্রাম ছেড়ে চলে যেতে বলেন। পরে তারা তার জামাতা ও মেয়েদের মারধর করে মুখে চুনকালি মাখিয়ে গ্রাম থেকে বের করে দেন। তারা এখন এক আত্মীয়র বাড়িতে উঠেছেন।
ওই তরুণের সঙ্গে তার দুই স্ত্রীর একাধিক টিকটক ভিডিও রয়েছে। তার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। দুই স্ত্রীর সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।
একসঙ্গে আপন দুই বোনকে বিয়ে করা ইসলামে বৈধ নয় বলে জানান নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদের সাবেক সভাপতি মাওলানা আকরাম হোসেন। তিনি বলেন, প্রথম স্ত্রী জীবিত থাকলে এবং তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তার আপন বোনকে বিয়ে করা নাজায়েজ। কিন্তু প্রথম স্ত্রী মারা গেলে কিংবা তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে শ্যালিকাকে বিয়ে করা যাবে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। ভুক্তভোগীরা অভিযোগ করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।













-71db92.jpg)


