মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সড়ক দখলকারী ও হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার পর মিরপুর-১৩ নম্বর থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত সড়কে উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সও ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলার চেষ্টা করা হয়।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেছেন, ‘ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বিস্তারিত জানাব।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় ডিশ লাইনের কেবল খুলে ফেলার একপর্যায়ে সেখানকার বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এতে আগুনের সূত্রপাত হলে তা পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। পরে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরও ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর বিক্ষুব্ধ হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হকারদের সংঘর্ষ বাধে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে পুলিশের ভাষ্য। একটি ভেকু ও পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
-e59a72.jpg)
এদিকে মিরপুর-১০ নম্বর থেকে মিরপুর-১৪ নম্বরের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ওই সড়কে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাতের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এর অংশ হিসেবে বুধবার সকালে মিরপুর-১৩ নম্বর থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত সড়কে অভিযান শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও উত্তেজনা চলছিল। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে, ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশের সদস্যদের চেয়ে ফুটপাতের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি ছিল। তাদের ইটপাটকেলের মুখে পুলিশ পিছু হটে।
প্রত্যক্ষদর্শীদের জানান, ঘটনাস্থলে হামলা, ভাঙচুর চালানা হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিকেরা আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে সংঘর্ষের বিষয়ে ‘ট্রাফিক এলার্ট’ নামের একটি ফেসবুক পেজে মিরপুরের পরিস্থিতি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে খুব বেশি প্রয়োজন না থাকলে মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, হকার উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে গন্ডগোল হচ্ছে।










-ce5724-256x144.webp)
-2b65ab-256x144.webp)


-543ba0-256x144.webp)

