সাভারে ফের ২ বাসে আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি
রোববার দিবাগত রাত ও সোমবার ভোরে বাস দুটিতে আগুনের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
রোববার দিবাগত রাত ও সোমবার ভোরে বাস দুটিতে আগুনের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে আবারও দুটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে রোববার দিবাগত রাত ও সোমবার ভোরে আগুন লাগে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আগুনের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাত একটার দিকে গেন্ডা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পোশাকশ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি বাসে আগুন লাগে। এর কয়েক ঘণ্টা পর সোমবার ভোর চারটার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ডে টাটা সার্ভিসিং সেন্টারের সামনে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাস দুটিতে কেউ আগুন দিয়েছে, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাভার থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘আমার ধারণা, মহল বিশেষের ইন্ধনে বাসে আগুন ধরানো হচ্ছে। আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, বাসমালিক ও শ্রমিকেরা বিভিন্ন স্থানে যত্রতত্র বাস রেখে দেন। এতে দুর্বৃত্তরা সহজেই আগুন দেওয়ার সুযোগ পায়। এ বিষয়ে বাসমালিক ও শ্রমিকদের সচেতন করা হবে। বাস নিরাপদ স্থানে রাখা এবং রাতে পাহারার ব্যবস্থা করা হলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad