বাসের সঙ্গে মুখোমুখি, প্রাণ গেল মোটরসাইকেলে থাকা ৩ কিশোরের

ঢাকা-বরিশাল মহাসড়কে এক যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের আরোহী তিন কিশোর প্রাণ হারিয়েছে। তারা তিনজনই উজিরপুর উপজেলার আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাসড়কে উজিরপুরের আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত কিশোর হলো— মোস্তাকিন (১৪), তাওহিদ ইসলাম (১৩) ও সৌরভ ঢালী (১৪)। এর মধ্যে তাওহিদ ও সৌরভের বাড়ি আটিপাড়া গ্রামে, মোস্তাকিনের বাড়ি ধামসর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন কিশোর মোটরসাইকেলে করে আটিপাড়া রাস্তার মাথা এলাকার দিকে যাচ্ছিল। এ সময় সুরভী পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। রাস্তার মাথা এলাকায় দুই যানবাহন মুখোমুখি হয়ে পড়লে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেলের আরোহী তিন কিশোর তাৎক্ষণিক প্রাণ হারায়।
খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। সুরভী পরিবহনের বাস ও তিন কিশোরের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


















-9d4e46-256x144.webp)