পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে বাসের ভেতর ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম সিয়াম, যার বাড়ি বরিশালের উজিরপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘বাহক’ ও ‘লিসা’ পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়াম পুড়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বাস থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা বাস দুটিতে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ওসি জগলুল হাসান এই নাশকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া ‘লিসা’ পরিবহনের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং ‘বাহক’ পরিবহনের মালিক ঝালকাঠির অমিত পাল। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।













-b362f4-256x144.webp)

