বরগুনায় বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত, আহত ১

বরগুনার আমতলী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের বাসিন্দা মো. সজীব হাওলাদার (২৫) এবং তাঁর শ্যালক সাইফুল ইসলাম (১৬)। আহত আছাদুল ইসলাম (১৪) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব হাওলাদার তাঁর দুই শ্যালককে নিয়ে মোটরসাইকেলে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘গাজী সম্রাট পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সজীব হাওলাদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন বলেন, দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজনীতি/আরআইআর



















