পাচারকৃত অর্থ ফেরাতে ৪০ দেওয়ানি মামলা, ৬ মামলায় অগ্রগতি

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কৌশল পরিবর্তন করে দেওয়ানি মামলা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রক্রিয়ায় নতুন করে ৪০টি দেওয়ানি মামলা করা হয়েছে, যার মধ্যে ছয়টির অগ্রগতি হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাংকটির গঠিত স্টোলেন অ্যাসেট রিকোভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী।
ফরহানুল গনি বলেন, আগে অর্থপাচারের ঘটনায় শুধু ফৌজদারি মামলা করা হতো। এখন দেওয়ানি মামলাও করা হচ্ছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে দেশের তফসিলি ব্যাংকগুলো বিদেশি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। এসব চুক্তি তদারক করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও স্টোলেন অ্যাসেট রিকোভারি টাস্কফোর্স। চুক্তি অনুযায়ী, পাচার হওয়া অর্থ ফেরত এলে কমিশন পাবে বিদেশি প্রতিষ্ঠানগুলো।
টাস্কফোর্সের উপদেষ্টা জানান, বিদেশি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সিকদার গ্রুপের পাচার করা অর্থের মধ্যে ৫০ কোটি ডলার শনাক্ত করতে পেরেছে বিএফআইইউ। এ অর্থ ফেরাতে চুক্তি করেছে একীভূত সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এ ছাড়া জনতা, অগ্রণী, ন্যাশনাল, প্রিমিয়ার, আইএফআইসি ও এবি ব্যাংকও চুক্তি করেছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর খেলাপি ঋণের তথ্য বিদেশি প্রতিষ্ঠান, সরকার ও বিভিন্ন সংস্থাকে দেওয়া হয়েছে।
খেলাপি ঋণের তথ্য পাওয়ায় বিদেশি প্রতিষ্ঠানগুলোর পক্ষে পাচার হওয়া অর্থের পরিমাণ সম্পর্কে ধারণা করা সহজ হচ্ছে বলে মন্তব্য করেন ফরহানুল গনি। তবে অর্থ ফেরত আনতে আরও পাঁচ থেকে ১০ বছর সময় লাগতে পারে বলে জানান তিনি। তার ভাষ্য, অর্থ উদ্ধারের প্রক্রিয়া দীর্ঘ ও জটিল। গত দুই বছরে অনেক তথ্য জানা গেলেও বিষয়টি বাংলাদেশের পাশাপাশি অর্থ ফেরত আনার কাজে যুক্ত বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছেও নতুন। ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ বিদেশে সরানো হয়েছে, বিশ্বে এমন নজির বিরল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ধারণা, ব্যাংক খাত থেকে অর্থপাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বে শীর্ষেও থাকতে পারে।
অর্থপাচারের ঘটনা তদন্তে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংক এই টাস্কফোর্স গঠন করে। শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে ১১টি গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। প্রথম পর্যায়ে শুধু ফৌজদারি মামলা করা হলেও পরে দেওয়ানি মামলা শুরু হয়। প্রথম দিকে বড় অঙ্কের অর্থ পাচারের ঘটনায় এসব মামলা করা হতো। পরে ২০০ কোটি টাকার বেশি অর্থ সরানোর ঘটনাও মামলার আওতায় আনা হয়। দ্বিতীয় পর্যায়ে ৪০টি দেওয়ানি মামলা করা হয়েছে বলে জানান ফরহানুল গনি।
পাচার হওয়া অর্থ অবরুদ্ধ ও উদ্ধারের চেষ্টা
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন দেশে পাচার হওয়া বড় অঙ্কের অর্থের সন্ধান পেয়েছে টাস্কফোর্স। এর মধ্যে কিছু অর্থ অবরুদ্ধও করা হয়েছে। তবে সাময়িকভাবে অবরুদ্ধ অর্থের মোট পরিমাণ প্রকাশ করেননি ফরহানুল গনি। তিনি বলেন, পাচারকারীরা বিভিন্ন স্তরে অর্থ সরিয়ে রাখেন এবং এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করেন। এ কারণে অর্থের অবস্থানসংক্রান্ত তথ্য প্রকাশ করলে তা অন্য দেশে সরিয়ে নেওয়ার ঝুঁকি রয়েছে। অর্থ সরানোর স্তর যত বাড়ে, তা উদ্ধার করাও তত জটিল ও সময়সাপেক্ষ হয়ে পড়ে।
আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা ২৫ কোটি পাউন্ড সমপরিমাণ সম্পদ দেশটির সরকার অবরুদ্ধ করেছে। টাস্কফোর্সের উপদেষ্টা জানান, ব্রিটিশ সরকারের প্রতিনিধি ও বিভিন্ন মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। স্থানীয় মুদ্রায় ওই সম্পদের পরিমাণ ৪ হাজার ১২৫ কোটি টাকার বেশি। তবে আরেক ঘটনায় যুক্তরাজ্যে অবরুদ্ধ করা ২ কোটি ৫০ লাখ ডলার পরে অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিএফআইইউ পরিচালক সৈয়দ মাহবুব আলম বলেন, অর্থটি সাময়িকভাবে নির্দিষ্ট সময়ের জন্য অবরুদ্ধ ছিল। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলেও ৩০ দিনের মাথায় অর্থটি অন্য দেশে চলে যায়। তারপরও অর্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিএফআইইউ পরিচালকের বক্তব্য অনুযায়ী, বেসরকারি ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরীর নামে থাকা ৩১০ কোটি টাকার সমপরিমাণ অর্থ যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এক মাসের জন্য সাময়িকভাবে অবরুদ্ধ করেছিল। পরে বাংলাদেশের কাছে আরও প্রমাণ চেয়ে সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রমাণ জমা দিতে না পারায় যুক্তরাজ্য সরকার অবরুদ্ধের আদেশ তুলে নেয়। ফলে ওই অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়।













