জাতীয় সংসদে অর্থমন্ত্রী

বিদেশফেরত প্রবাসীদের জন্য ৩ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিভি থেকে
জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিভি থেকে

পুনর্বাসন ও বিনিয়োগের সুযোগ তৈরিতে তিন পর্যায়ে মোট ৩ হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেওয়া এ ঋণ মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য।

সোমবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। অর্থমন্ত্রী বলেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ঋণ কর্মসূচি পরিচালনা করছে। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকেই বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনে ঋণ সহায়তা দিয়ে আসছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ ব্যাংক প্রতি পর্যায়ে ১ হাজার কোটি টাকা করে তিন পর্যায়ে মোট ৩ হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ দিয়েছে। এ কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায় সফলভাবে বাস্তবায়িত হয়েছে। বর্তমানে তৃতীয় পর্যায়ের বাস্তবায়ন চলছে। গ্রাহক পর্যায়ে এ ঋণের সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ। প্রথম পর্যায়ে ৪২ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৪২ হাজার ৩০৩ জন এ ঋণের সুবিধা নিয়েছেন। এর মাধ্যমে বিদেশগমনেচ্ছু ও বিদেশফেরত প্রবাসীদের আত্মকর্মসংস্থান এবং পুনর্বাসনের সুযোগ তৈরি হয়েছে।

তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের বিষয়েও সংসদে তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, চিহ্নিত করা ও অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি নিয়েছে। এ কর্মসূচিতে যোগ্য উদ্যোক্তারা চাহিদা ও মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং সমপরিমাণ অনুদান পেতে পারেন। অর্থাৎ একজন উদ্যোক্তার জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুযোগ রয়েছে। কর্মসূচিটি পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হচ্ছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। পুনঃঅর্থায়ন তহবিলগুলো এবং ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি সারা দেশের জন্য প্রযোজ্য হওয়ায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারও এর আওতাভুক্ত বলে জানান অর্থমন্ত্রী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad