মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার— সংসদে জানালেন অর্থমন্ত্রী

দেশের মাথাপিছু জাতীয় আয় বেড়ে তিন হাজার ২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিল তিন হাজার ২০ ডলার। আগের অর্থবছরে তা ছিল দুই হাজার ৭৬৯ ডলার। একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নত্তোর পর্ব শুরু হয়।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কগত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তার অর্থছাড় ৬০ শতাংশ কমেছে। প্রায় দুই বছর ধরে দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও আন্তর্জাতিক সংকটের কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি তৈরি হয়েছে।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গত অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশ। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশে নামানোর লক্ষ্য রয়েছে সরকারের।
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণকে সরকারের জন্য চ্যালেঞ্জ অভিহিত করে আমীর খসরু বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, সার, পরিবহন ও বিমা ব্যয় বেড়েছে। আমদানি পণ্যের দাম, বিনিময় হারের ওঠানামা এবং সরবরাহের অনিশ্চয়তাও দেশের বাজারে চাপ তৈরি করছে।
বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩০ জুন পর্যন্ত সরকারের মোট আনুমানিক ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি এবং অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। চলতি অর্থবছরে ঋণের মূলধন ও সুদ পরিশোধে ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে।












