সাইবার হামলায় ফরাসি ব্যাংকের ১০ কোটি ইউরো খোয়া যাওয়ার দাবি

ডেস্ক, রাজনীতি ডটকম
ফ্রান্সের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট মুতুয়েল আরকেয়া। ছবি: সংগৃহীত
ফ্রান্সের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট মুতুয়েল আরকেয়া। ছবি: সংগৃহীত

সাইবার হামলার শিকার হয়ে প্রায় ১০ কোটি ইউরো হারিয়েছে ফ্রান্সের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট মুতুয়েল আরকেয়া। ব্যাংকটির নিজস্ব একটি হিসাব ব্যবহার করে হ্যাকাররা অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর করেছে। চুরি হওয়া অর্থের কতটা উদ্ধার করা সম্ভব হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় গ্রাহকদের আমানত বা ব্যক্তিগত হিসাবের অর্থ ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে তারা।

দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

ব্যাংকটির বিবৃতি অনুযায়ী, হামলাকারীরা তাদের একটি অ্যাকাউন্টে প্রবেশাধিকার পেয়ে সেখান থেকে একাধিক সন্দেহজনক লেনদেন সম্পন্ন করে। অর্থ স্থানান্তরের পর সেগুলো বিভিন্ন মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থের একটি অংশ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ব্যাংকটি জানিয়েছে, চুরি হওয়া অর্থের মূল অংশ ক্রিপ্টোকারেন্সি আকারে ছিল না। বরং ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্থানান্তরের পর তা ডিজিটাল মুদ্রায় রূপান্তরের সুযোগ তৈরি হয়।

হামলার পর কিছু লেনদেন সাময়িকভাবে স্থগিত করে ব্যাংক কর্তৃপক্ষ। এতে গ্রাহকদের কয়েকটি অর্থ স্থানান্তর প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে। তবে গ্রাহকদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ কিংবা তাদের অর্থ চুরির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকটির অনলাইন ব্যাংকিং সহযোগী প্রতিষ্ঠান ফর্চুনিওকে হামলার প্রবেশপথ হিসেবে ব্যবহারের যে খবর প্রকাশিত হয়েছিল, সেটিও নাকচ করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, ওই প্রতিষ্ঠান কিংবা এর গ্রাহকদের হিসাব এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

তদন্তে ফরাসি কর্তৃপক্ষ

প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, বুধবার ব্যাংকটির অভিযোগ পাওয়ার পরপরই সাইবার অপরাধবিষয়ক ইউনিট তদন্ত শুরু করেছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রান্সের সাইবার অপরাধ দমনকারী পুলিশকে। ব্যাংকটি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ফ্রান্সের ব্যাংকিং তদারকি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকেও বিষয়টি জানিয়েছে।

হামলাটি কীভাবে পরিচালিত হয়েছে কিংবা কারা এর পেছনে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ব্যাংকটি। হামলায় ব্যবহৃত তৃতীয় পক্ষের প্রযুক্তি সেবাদাতার পরিচয়ও প্রকাশ করা হয়নি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে অভ্যন্তরীণ ভুল বা কর্মীদের অসতর্কতার ফল বলে মনে হচ্ছে না। বরং এটি বাইরে থেকে পরিচালিত একটি অত্যন্ত জটিল সাইবার হামলা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং প্রতিষ্ঠানে সাইবার হামলা নতুন নয়। তবে সরাসরি একটি ব্যাংকের নিজস্ব হিসাব থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়ার ঘটনা তুলনামূলক বিরল। নিরাপত্তা প্রতিষ্ঠান রেডসেকল্যাবসের প্রধান রাফায় বালোক একে ইউরোপে নজিরবিহীন হামলা হিসেবে বর্ণনা করেছেন।

ক্রেডিট মুতুয়েল আরকেয়া চলতি বছরের প্রথম ছয় মাসে ২৩ কোটি ইউরো নিট মুনাফা করেছে। ব্যাংকটির দাবি, ১০ কোটি ইউরোর ক্ষতি হলেও প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে না।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad