যুদ্ধ থামানোর ঘোষণা নেই, ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের বৈঠকে প্রাপ্তি কী?

ডেস্ক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার চীনের শেনেজেনে বৈঠকে (বাঁ থেকে) ভ্লাদিমির পুতিন, শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক এই ত্রিপাক্ষিক বৈঠক থেকে ইউক্রেন যুদ্ধ ও ইরান যুদ্ধ নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণার অপেক্ষায় ছিল সারা বিশ্ব। তবে বৈঠক থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি। ছবি: কোলাজ
বৃহস্পতিবার চীনের শেনেজেনে বৈঠকে (বাঁ থেকে) ভ্লাদিমির পুতিন, শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক এই ত্রিপাক্ষিক বৈঠক থেকে ইউক্রেন যুদ্ধ ও ইরান যুদ্ধ নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণার অপেক্ষায় ছিল সারা বিশ্ব। তবে বৈঠক থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি। ছবি: কোলাজ

বিশ্বের তিন পরাশক্তির নেতা এক টেবিলে বসেছেন। ঘোষণা দিয়েছেন শান্তির পক্ষে, পরমাণু যুদ্ধ ঠেকানোর অঙ্গীকার করেছেন, জাতিসংঘ সংস্কার ও জ্বালানি সরবরাহ বাড়ানোর কথা বলেছেন। কিন্তু যে দুটি যুদ্ধের কারণে বিশ্বরাজনীতি, নিরাপত্তা ও অর্থনীতিতে সবচেয়ে বড় অস্থিরতা তৈরি হয়েছে, সেই ইউক্রেন ও ইরান যুদ্ধের অবসান নিয়ে আসেনি সুনির্দিষ্ট কোনো বক্তব্য। যুদ্ধ বন্ধের রূপরেখা তো দূরের কথা, দুই সংঘাত নিয়ে তিন নেতার অভিন্ন অবস্থানেরও কোনো প্রকাশ্য ইঙ্গিত পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নজিরবিহীন ত্রিপাক্ষিক বৈঠক শেষে তাই বড় প্রশ্ন উঠেছে— শান্তির নামে এই আয়োজনের প্রকৃত প্রাপ্তি কী? তিন নেতার একসঙ্গে বসা, ছবি তোলা এবং পরস্পরকে বন্ধুত্বের বার্তা দেওয়াই কি এই সম্মেলনের সবচেয়ে বড় সাফল্য?

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে ত্রিপাক্ষিক বৈঠক চলে এক ঘণ্টারও বেশি সময় ধরে। বৈঠক শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় পরমাণু যুদ্ধ প্রতিরোধ, জাতিসংঘ সংস্কার, জ্বালানি সরবরাহ বাড়ানো ও আন্তর্জাতিক আদালতের এখতিয়ার নিয়ে তিন দেশের অবস্থান উঠে এসেছে। কিন্তু ইউক্রেন ও ইরান যুদ্ধের কোনো উল্লেখ নেই। অস্ত্র নিয়ন্ত্রণ নিয়েও কোনো সুনির্দিষ্ট চুক্তি হয়নি।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের তিন দিনের এশিয়া সফর ও বহুল আলোচিত ত্রিপাক্ষিক বৈঠক থেকে বাস্তব অর্জন খুবই সীমিত। বরং এ আয়োজন যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ট্রাম্পের সঙ্গে পুতিন ও জিনপিংয়ের ঘনিষ্ঠতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে থাকা পুতিনকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশের নেতার সঙ্গে একই কাতারে বসার সুযোগ দেওয়ায় মস্কোর কূটনৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে।

যুদ্ধ বন্ধের প্রশ্নে অগ্রগতি নেই

বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে ভূমিকা রাখতে পারে। পুতিনও আলোচনার শুরুতে ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, আঞ্চলিক সংঘাতের সমাধানে তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। কিন্তু বৈঠক শেষে প্রকাশিত ঘোষণায় ইউক্রেনের নামই আসেনি।

এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ত্রিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্প ও পুতিনের আলাদা বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছিল বলে ক্রেমলিন জানিয়েছে। ট্রাম্প ও জিনপিংয়ের পৃথক আলোচনাতেও ইউক্রেন যুদ্ধ বন্ধে সহযোগিতার প্রসঙ্গ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তিন নেতার সম্মিলিত আলোচনায় এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সমঝোতা বা যৌথ উদ্যোগের ঘোষণা আসেনি।

রয়টার্সকে দেওয়া বক্তব্যে ব্রুকিংস ইনস্টিটিউশনের পররাষ্ট্রনীতি বিষয়ক ফেলো প্যাট্রিসিয়া কিম বলেছেন, ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতাকারীর দায়িত্ব নিতে চীন খুব একটা আগ্রহী নয়। কারণ বেইজিং সংঘাতটিকে মূলত ইউরোপের সমস্যা হিসেবে দেখে। ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের বাইরে রেখে এ ধরনের আলোচনায় চীনের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নেওয়াও রাজনৈতিকভাবে জটিল।

ইরান যুদ্ধের ক্ষেত্রেও একই ধরনের সীমাবদ্ধতা দেখা গেছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটছে। ট্রাম্প বলেছেন, হরমুজ দিয়ে তেলের সরবরাহ অব্যাহত রাখা যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ। কিন্তু এ সংকট নিরসনে চীন বা রাশিয়া কী ভূমিকা নেবে, সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনেও বলা হয়েছে, ট্রাম্প ইরান ও হরমুজ নিয়ে আলোচনার কথা বললেও চীন বা রাশিয়া সংঘাত নিরসনে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে— এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অর্থাৎ, দুই যুদ্ধই তিন দেশের স্বার্থের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকলেও সেগুলোর সমাধানে সম্মিলিত উদ্যোগের বদলে প্রত্যেকেই নিজেদের অবস্থান বজায় রেখেছে।

তাহলে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ৩ নেতার বৈঠক থেকে প্রাপ্তি কী?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তিন নেতার আলাদা আলাদা রাজনৈতিক ও কূটনৈতিক লাভের বিষয়টি সামনে আসে।

প্রথমত, পুতিনের জন্য বৈঠকটি ছিল আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার অবস্থান পুনর্প্রতিষ্ঠার একটি সুযোগ। ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে থাকা রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও চীনের নেতার সঙ্গে একই মঞ্চে বসেছেন। যুদ্ধ বন্ধে কোনো ছাড় না দিয়েই এমন উচ্চপর্যায়ের কূটনৈতিক স্বীকৃতি পাওয়া মস্কোর জন্য তাৎপর্যপূর্ণ।

রয়টার্সের প্রতিবেদনে একজন বিশ্লেষকের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, এ বৈঠকের মাধ্যমে পুতিন আন্তর্জাতিক অঙ্গনে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ পেয়েছেন এবং একধরনের কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠেছেন। অর্থাৎ, যুদ্ধের অবসানে অগ্রগতি না হলেও পুতিনের জন্য বৈঠকটি রাজনৈতিকভাবে লাভজনক হয়েছে।

দ্বিতীয়ত, জিনপিংয়ের জন্য এটি ছিল চীনকে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে তুলে ধরার আয়োজন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দুই শক্তিকে একই টেবিলে বসাতে পেরেছেন তিনি, যা বছরের পর বছর চেষ্টা করেও আর কেউ পারেননি। ফলে আয়োজক হিসেবে চীন নিজের কূটনৈতিক সক্ষমতা প্রদর্শন করেছে।

বৈঠকের মাধ্যমে জিনপিং এমন একটি বার্তা দিতে পেরেছেন যে, আন্তর্জাতিক নিরাপত্তা ও বিশ্বব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে বেইজিংকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। এপির বিশ্লেষণেও বলা হয়েছে, বৈঠকের আয়োজক হিসেবে জিনপিং কূটনৈতিক মর্যাদা অর্জন করেছেন। আলোচনার বিষয়বস্তু বিস্তৃত রাখার মাধ্যমে তিনি এমন কোনো সংঘাতের দায়ও নেননি, যার সমাধানে চীনকে সরাসরি চাপের মুখে পড়তে হতে পারে।

তৃতীয়ত, ট্রাম্পের জন্য এটি ছিল নিজের কূটনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক নেতৃত্বের সক্ষমতা তুলে ধরার সুযোগ। চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল রাখা, রাশিয়ার সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনাকে সামনে আনা— সবই তার বৃহত্তর কূটনৈতিক লক্ষ্য। তবে বৈঠক থেকে বড় কোনো চুক্তি না আসায় এসব লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

শান্তির ঘোষণা, কিন্তু অস্ত্র নিয়ন্ত্রণেও নেই চুক্তি

তিন নেতার যৌথ ঘোষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পরমাণু যুদ্ধের ঝুঁকি কমানোর অঙ্গীকার। তারা বলেছেন, পরমাণু যুদ্ধে কোনো পক্ষের বিজয় সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়। কিন্তু এই নীতিগত বক্তব্যের বাইরে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানো, নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কিংবা পরস্পরের সামরিক সক্ষমতার ওপর সীমা আরোপের কোনো সিদ্ধান্ত আসেনি।

দীর্ঘদিন ধরে ট্রাম্প যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে নতুন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির কথা বলে আসছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু নিজেদের পরমাণু অস্ত্রের মজুত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক কম হওয়ায় এ ধরনের আলোচনায় যুক্ত হতে চীন বরাবরই অনাগ্রহ দেখিয়েছে।

গার্ডিয়ানের বিশ্লেষণেও বলা হয়েছে, পরমাণু যুদ্ধের ঝুঁকি কমানোর বিষয়ে তিন নেতা একমত হলেও অস্ত্র নিয়ন্ত্রণে কোনো নতুন চুক্তি হয়নি। ফলে বৈঠকের অন্যতম প্রধান প্রত্যাশাও অপূর্ণ থেকে গেছে।

আরেকটি বিতর্কিত দিক হলো আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়ে তিন দেশের অবস্থান। যৌথ ঘোষণায় আদালতটির এখতিয়ার অপব্যবহার না করার কথা বলা হয়েছে এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ইউক্রেন যুদ্ধের ঘটনায় পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ফলে এ অবস্থানকে পুতিনের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

ছবি ও প্রতীকী ঐক্যের বাইরে কী?

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষকরা বৈঠকটির সম্ভাব্য প্রভাব নিয়ে আগেই সতর্ক করেছিলেন। প্রতিষ্ঠানটির বিশ্লেষক রায়ান হাসের মতে, পুতিনের জন্য এ আয়োজন বড় কূটনৈতিক সুবিধা তৈরি করতে পারে। কোনো উল্লেখযোগ্য ছাড় না দিয়েই তিনি বিশ্বের দুই প্রভাবশালী দেশের নেতার সঙ্গে সমমর্যাদায় বসার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে জিনপিং বৈঠকের আয়োজক হিসেবে চীনের আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরতে পারছেন।

বিশ্লেষক জোনাথন এ সিনের পর্যবেক্ষণেও বৈঠকটির প্রতীকী গুরুত্বের চেয়ে বাস্তব ফলাফলের সীমাবদ্ধতার বিষয়টি উঠে এসেছে। ব্রুকিংসের বিশ্লেষণে বলা হয়েছে, এমন বৈঠক বাস্তব চুক্তির চেয়ে অনেক বেশি ফটো-অপ হয়ে ওঠার ঝুঁকি রাখে।

এদিকে বৈঠকটি নিয়ে ছোট ও মাঝারি শক্তির দেশগুলোর মধ্যেও উদ্বেগ রয়েছে। বিশ্বের বড় তিন শক্তি নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে আন্তর্জাতিক সংকটের সমাধান করতে চাইলে সংশ্লিষ্ট ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ইউক্রেনের ক্ষেত্রে দেশটির অনুপস্থিতিতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং ইউরোপীয় দেশগুলোকে বাইরে রেখে সম্ভাব্য সমঝোতার উদ্যোগ এ উদ্বেগকে আরও বাড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের বৈঠককে পুরোপুরি ব্যর্থ বলা যাবে না। তিন পরমাণু শক্তিধর দেশের নেতাদের সরাসরি যোগাযোগ, পরস্পরের অবস্থান বোঝার সুযোগ এবং ভবিষ্যৎ আলোচনার একটি কূটনৈতিক কাঠামো তৈরি হওয়া কম গুরুত্বপূর্ণ নয়। তবে এসব অর্জনকে যুদ্ধ বন্ধের অগ্রগতি বা বিশ্বশান্তির সুনির্দিষ্ট সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই।

বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি সম্ভবত তিন নেতার নিজেদের মধ্যে যোগাযোগের দরজা খোলা রাখা এবং আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দেওয়া। কিন্তু ইউক্রেন ও ইরান যুদ্ধ বন্ধে কোনো রূপরেখা না আসা, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তি না হওয়া এবং গুরুত্বপূর্ণ সংঘাতগুলোতে অভিন্ন অবস্থান তৈরি না হওয়া দেখিয়ে দিয়েছে, এক টেবিলে বসা আর সংকটের সমাধানে একমত হওয়া এক বিষয় নয়। আপাতত এই বৈঠকের শান্তির ঘোষণা কূটনৈতিক বার্তা হিসেবেই থাকছে, বাস্তব শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে নয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad