২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া, স্থায়ী ক্ষতির আশঙ্কায় পোশাক কারখানার মালিকরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল উলটো পুলিশের দিকে ছুঁড়ে মারছেন এক বিক্ষোভকারী। ৪ নভেম্বর ২০২৬। ফাইল ছবি: রয়টার্স
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল উলটো পুলিশের দিকে ছুঁড়ে মারছেন এক বিক্ষোভকারী। ৪ নভেম্বর ২০২৬। ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে বড় অঙ্কের ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো। পোশাক কারখানার মালিকরা বলছেন, চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনেই কেবল বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন বা ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এর বড় অংশ গেছে প্রতিবেশী ভারতে। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও ক্রয়াদেশ পাঠাচ্ছেন আন্তর্জাতিক ক্রেতারা।

গত রোববার তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক বিবৃতিতে নভেম্বরে শ্রমিক আন্দোলন চলাকালে পোশাক খাতের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে। সেখানে নভেম্বরের প্রথম ১৮ দিনে ২৫ কোটি ডলার ক্রয়াদেশ হারানোর তথ্য তুলে ধরা হয়। একই সময়ে এই খাতে মোট ৪২৮ মিলিয়ন ডলার তথা ৪২ কোটি ৮০ লাখ ডলার ক্ষতি হয়েছে বলে জানায় সংগঠনটি।

বিজিএমইএ ওই সময়ই জানায়, চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারের তৈরি পোশাকের ক্রেতাদের আস্থায় চিড় ধরেছে। এর ফলে তারা নিশ্চিত হওয়া পাঁচ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এখন পোশাক কারখানার মালিকরা স্থায়ীভাবে ক্রয়াদেশ হারানোর শঙ্কায় রয়েছেন।

বাংলাদেশের তিনজন পোশাক কারখানার মালিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার, সেলিওসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশের কারখানায় উৎপাদনের জন্য দেওয়া অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে। নভেম্বরের প্রথমার্ধে এসব ব্র্যান্ডের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ হারিয়েছে বাংলাদেশ। তবে কোন ব্র্যান্ড কত পরিমাণ অর্ডার সরিয়েছে, তা নির্দিষ্ট করে জানাননি কারখানার মালিকরা।

কারখানার মালিকদের সবচেয়ে বড় উদ্বেগ, এখন যেসব অর্ডার সাময়িকভাবে অন্য দেশে সরানো হচ্ছে, সেগুলো ভবিষ্যতে স্থায়ীভাবে বাংলাদেশ থেকে চলে যেতে পারে। কারণ, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এখন শুধু চলমান পরিস্থিতি নয়, ভবিষ্যতে কোন দেশ থেকে নির্ভরযোগ্যভাবে পণ্য সংগ্রহ করা যাবে, সেটিও নতুন করে মূল্যায়ন করছে।

ইউরোপীয় ব্র্যান্ডগুলোর কাছে পণ্য সরবরাহকারী অ্যালপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম রয়টার্সকে বলেন, ১ নভেম্বর থেকে তার অধিকাংশ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। ক্রেতারা তাদের জানিয়েছেন, অর্ডারগুলো অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প উৎপাদনব্যবস্থাও খুঁজে নিয়েছেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সাময়িকভাবে কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়া হলে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখা ও আর্থিক ক্ষতি কমানোর সুযোগ তৈরি হয়। তবে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতের ব্যবসাও হারানোর আশঙ্কা রয়েছে। তিনি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করেননি।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে জারা ব্র্যান্ডের মালিক প্রতিষ্ঠান ইন্ডিটেক্স মন্তব্য করতে রাজি হয়নি। মার্কস অ্যান্ড স্পেন্সার, এইচঅ্যান্ডএম ও সেলিওও এ বিষয়ে সংস্থাটির প্রশ্নের জবাব দেয়নি।

ভারতসহ বিকল্প উৎপাদনকেন্দ্রে ঝুঁকছেন ক্রেতারা

পোশাক খাতের সংশ্লিষ্টদের তথ্য, বাংলাদেশ থেকে সরানো অর্ডারের সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত। দেশটির তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের কয়েকটি কোম্পানির শেয়ারের দামও সাম্প্রতিক সময়ে বেড়েছে। রয়টার্স জানাচ্ছে, ভারতের গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম একপর্যায়ে ১১ শতাংশ পর্যন্ত বাড়ে। ট্রাইডেন্টের শেয়ার বাড়ে প্রায় ৫ শতাংশ। ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারও প্রায় ২ শতাংশ করে বাড়ে।

ভারতের পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও বাংলাদেশের বিকল্প হিসেবে ক্রেতাদের বিবেচনায় রয়েছে। শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব দেশ থেকে পণ্য সরবরাহের সময় তুলনামূলক কম। বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরীর হিসাবে, ভারত বাংলাদেশ থেকে প্রায় এক সপ্তাহ কম সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে পারে। ভিয়েতনাম ও কম্বোডিয়া এ ক্ষেত্রে সময় বাঁচাতে পারে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত।

মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও কাঁচামালের খরচ বেড়েছে। এমন সময়ে ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন, অন্য উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে। ফলে উৎপাদন ব্যয় বাড়লেও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়িয়ে সেই খরচ ক্রেতাদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ সীমিত।

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবেও বাংলাদেশের কারখানাগুলো জ্বালানিসংকটে পড়েছে। সরবরাহ ঘাটতির কারণে কিছু কারখানাকে বেশি খরচে বিকল্প বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় আরও বাড়ছে।

অন্যদিকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকার আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন পিছিয়ে গেছে। সময়মতো অর্ডার সরবরাহ করতে কিছু প্রতিষ্ঠানকে অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবতে হচ্ছে।

নতুন শঙ্কা শুল্ক

এদিকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ওপর নতুন করে কত শুল্ক আরোপ করা হচ্ছে, সেটি এখনো চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। তবে ইউএসটিআরের প্রস্তাবনা, এর পরিমাণ পণ্যভেদে ১৮ শতাংশ পর্যন্ত হতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে গত জুলাই মাসে আরোপ করা অতিরিক্ত ১০ শতাংশ শুল্কসহ মোট ২৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক দিতে হয়। এর সঙ্গে আরও ১৮ শতাংশ শুল্ক যোগ হলে তা বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বড় ধরনের দুর্ভোগ আনতে পারে বলে আশঙ্কা এই খাতের সংশ্লিষ্টদের।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্যের বরাত দিয়ে বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি কমেছে ৪ দশমিক ৫৭ শতাংশ। এ সময় অবশ্য সার্বিকভাবেই যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ৬ দশমিক ১৪ শতাংশ কমে ৫৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে নেমেছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে ট্রাম্পের ট্যারিফের সরাসরি সম্পর্ক না থাকলেও একদিকে বাড়তি ট্যারিফের কারণে রপ্তানি অনিশ্চয়তা, অন্যদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন— এই দুটি বিষয় প্রভাবিত করছে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে।

এ অবস্থায় রপ্তানি বাজার হারানোর শঙ্কার কথা জানিয়েছেন তৈরি পোশাক কারখানার মালিকদের আরেক সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমও। তিনি বলেন, ট্রাম্পের শুল্ক আর শ্রমিক অসন্তোষ— দুটি বিষয় একসঙ্গে দেখলে যেটা দাঁড়ায়— আলটিমেটলি আমাদের পোশাক খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মোহাম্মদ হাতেম মনে করিয়ে দিচ্ছেন শ্রীলংকার কয়েক দশক আগের পরিস্থিতির কথা। বিবিসি বাংলাকে তিনি বলেন, শ্রীলংকায় ধারাবাহিক অসন্তোষের কারণেই একসময় বায়াররা বিকল্প হিসেবে বাংলাদেশের কথা চিন্তা করে এবং বাংলাদেশে আসতে থাকে। এখন বাংলাদেশে যদি একই ধরনের ধারাবাহিক অস্থিরতা চলে, তাহলে বায়াররা আবার বিকল্প খুঁজবে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেনদরবার করা হবে বলে জানানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত শুল্কের হার ও শর্তের যেসব বিষয় বাংলাদেশের কাছে অযৌক্তিক মনে হচ্ছে, সেগুলো নিয়ে আপত্তি জানাবে সরকার। আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর সুযোগও কাজে লাগাতে চায় বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ওপর লিখিত মতামত জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ জানুয়ারি। গণশুনানিতে বক্তব্য দিতে আগ্রহীদের এ সময়ের মধ্যে আবেদন ও বক্তব্যের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। ২৫ জানুয়ারি ওয়াশিংটনে শুনানি শুরু হবে।

এ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বার্থ ও যুক্তিগুলো তুলে ধরতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করে তিনি বলেন, কোন শুল্ক বা পদক্ষেপ যৌক্তিক আর কোনটি নয়, তা যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরা হবে। এরপর সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

মজুরি বৃদ্ধি ও শ্রমিক অসন্তোষে বাড়ছে উৎপাদন ব্যয়

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। দেশের অর্থনীতিও তৈরি পোশাকশিল্পের ওপর অনেকাংশে নির্ভরশীল। মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। দেশের উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও তৈরি পোশাকশিল্পের সঙ্গে যুক্ত। এ শিল্পে কাজ করেন ৪০ লাখের বেশি মানুষ, যাদের বড় অংশই নারী।

এ অবস্থায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার ঘটনা কেবল কারখানার মালিকদের ব্যবসায়িক ক্ষতি নয়, দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির জন্যও বড় উদ্বেগ তৈরি করছে।

বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার পেছনে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন বড় কারণ হলেও শিল্পটির প্রতিযোগিতার সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আরও আগে থেকে। গত কয়েক বছরে শ্রমিকদের মজুরি, বিদ্যুৎ-জ্বালানি, কাঁচামাল ও অন্যান্য উৎপাদন ব্যয় বেড়েছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহে ঘাটতি এবং রাজনৈতিক অনিশ্চয়তা উৎপাদন পরিকল্পনা ও পণ্য সরবরাহের সময়সূচিকে অনিশ্চিত করে তুলেছে।

এসব কারণে কম উৎপাদন ব্যয়ের সুবিধা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে যে অবস্থান বাংলাদেশ তৈরি করেছিল, তা ক্রমেই চাপে পড়ছে। তার মধ্যেই নভেম্বরের শুরুর দিকে দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে বিভিন্ন শিল্পাঞ্চলে সড়কে নামেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি ছিল, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আগের মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ২০২৩ সালে সর্বশেষ মজুরি নির্ধারণের সময় শ্রমিক সংগঠনগুলো মাসিক ন্যূনতম মজুরি অন্তত ২৩ হাজার টাকা করার দাবি জানিয়েছিল। কিন্তু তখন সরকার ন্যূনতম মজুরি নির্ধারণ করে ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকদের একাংশ তখনো এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিল।

এবারে শ্রমিক প্রতিনিধিরা প্রথমে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের জন্য মাসিক ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। পরে আলোচনার পর্যায়ে শ্রমিকদের দাবি কমে ১৮ হাজার টাকায় আসে। অন্যদিকে মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দেয়। কয়েক দফা আলোচনার পর তা বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়।

সরকার গঠিত ছয় সদস্যের মজুরি বোর্ডে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত ৪-২ ভোটে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ আগের তুলনায় শ্রমিকদের মজুরি বেড়েছে সাড়ে চার হাজার টাকা বা ৩৬ শতাংশ। নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

নিম্নতম মজুরি বোর্ডের এই সিদ্ধান্ত শ্রমিকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ১৯৮৬ সালে তৈরি পোশাক খাতে প্রথম ন্যূনতম মজুরি কাঠামো চালুর পর এটিই সবচেয়ে কম হারে মজুরি বৃদ্ধির ঘটনা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। কারণ ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর শ্রমিক আন্দোলন ও আন্তর্জাতিক চাপের মুখে ন্যূনতম মজুরি বেড়েছিল ৭৬ দশমিক ৭ শতাংশ। এরপর ২০১৮ সালে ৫১ শতাংশ ও ২০২৩ সালে ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়ে শ্রমিকদের মজুরি।

এবারের সিদ্ধান্তের পরও শ্রমিকদের মধ্যে অসন্তোষ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে।

এর আগে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, কারখানা বন্ধ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে দফায় দফায়। শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া, যাতায়াত ও চিকিৎসার খরচ যেভাবে বেড়েছে, নতুন মজুরি তাতে জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার নতুন মজুরি বৃদ্ধিকে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন। তবে শ্রমিকদের অসন্তোষ কত দ্রুত কাটবে, তা এখনো নিশ্চিত নয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad