বাংলাদেশ-চীন-ভারতসহ ১৪ অর্থনীতির পণ্যে নতুন শুল্কের প্রস্তাব ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে নতুন শুল্কের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি অর্থনীতি। এ তালিকায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো প্রধান সব বাণিজ্য অংশীদার। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসব দেশ ও অঞ্চলের পণ্যে অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশ শিল্প উৎপাদনে অতিরিক্ত সক্ষমতা তৈরি ও ধরে রাখার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং মার্কিন বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে।
বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারায় আট মাসের তদন্ত শেষে এ প্রস্তাব ঘোষণা করে। প্রস্তাবিত শুল্কের আওতায় থাকা ১৪টি অর্থনীতি হলো— বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়ন।
দ্য গার্ডিয়ান, সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঘোষণা এলেও এসব শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। প্রস্তাবের ওপর জনমত গ্রহণ, শুনানি ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর তা কার্যকর হতে পারে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, এ প্রক্রিয়ার কারণে নতুন শুল্ক কার্যকর হতে আগামী জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তদন্তে মোট ১৬টি অর্থনীতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে আপাতত মেক্সিকো ও নরওয়ের বিরুদ্ধে শুল্ক আরোপের প্রস্তাব দেয়নি ওয়াশিংটন। দেশ দুটির বিষয়ে তদন্ত পর্যালোচনা এখনো চলছে।
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ
বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কহার প্রস্তাব করা হয়েছে। তবে এটি বিদ্যমান সেকশন ৩০১ শুল্কের অতিরিক্ত হিসেবে সরাসরি যোগ হবে না, আগের সেকশন ৩০১ শুল্কের হিসাব সমন্বয় করে এ হার নির্ধারণের কথা বলেছে ইউএসটিআর। কিছু পণ্যের ক্ষেত্রে ছাড়ও থাকবে।
বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশটির শিল্প সম্প্রসারণের পরিকল্পনা, উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা, শ্রমিকদের অপর্যাপ্ত সুরক্ষা, আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি এবং বাজারভিত্তিক নয় এমন অর্থনীতির দেশগুলো থেকে কাঁচামাল আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগ গ্রহণের মাধ্যমে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হচ্ছে।
ইউএসটিআরের মূল্যায়ন, এসব নীতির কারণে বাংলাদেশে এবং তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ কমছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি। বাংলাদেশের তৈরি পোশাক ও অ্যাপারেল খাতকে এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
কোন দেশের জন্য কত শুল্ক
ইউএসটিআরের প্রকাশিত প্রস্তাবে দেশভেদে শুল্কের হার আলাদা রাখা হয়েছে। এর মধ্যে চীনের পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্কের প্রস্তাব রয়েছে। বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের কথা বলা হয়েছে।
ভারতের ক্ষেত্রে প্রস্তাবিত হার সর্বোচ্চ ২৫ শতাংশ। তবে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছালে তা ১৭ শতাংশে সমন্বয়ের বিষয়টি বিবেচনা করার প্রস্তাব রয়েছে। ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। দেশটি চুক্তিতে পৌঁছালে এ হার ২০ শতাংশে নামানোর বিষয়টি বিবেচনা করা হবে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ১৫ শতাংশ, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের পণ্যে ১৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব রয়েছে। সিঙ্গাপুরের ক্ষেত্রে সর্বোচ্চ হার ২০ শতাংশ। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছালে তা ১০ শতাংশে সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে।
তবে এসব হার সব পণ্যের ক্ষেত্রে একইভাবে কার্যকর হবে না। বিদ্যমান শুল্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্য চুক্তি এবং নির্দিষ্ট পণ্যের অব্যাহতির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান শুল্কের সঙ্গে নতুন শুল্ক সমন্বয়ের প্রস্তাবও রয়েছে।
চীনের ওপর চাপ বেশি
প্রস্তাবিত শুল্কের ক্ষেত্রে চীনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ট্রাম্প প্রশাসন। চীনা পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা কিছু পণ্যের প্রায় ২৫ শতাংশ শুল্ক যোগ হলে সংশ্লিষ্ট পণ্যে মোট শুল্কের হার ৪৫ শতাংশে পৌঁছাতে পারে।
তবে সব চীনা পণ্যের ক্ষেত্রে এই হিসাব প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কিছু পণ্যের জন্য ১০ শতাংশ শুল্ক এবং নির্দিষ্ট পণ্যে অব্যাহতির ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া চীনের প্রায় ৩০ বিলিয়ন ডলারের আমদানি পণ্যকে শুল্ক কমানোর বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনার আওতায় এসব পণ্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ওয়াশিংটনের অভিযোগ, চীন দীর্ঘদিন ধরে শিল্প উৎপাদনে ব্যাপক সরকারি ভর্তুকি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা, প্রযুক্তি হস্তান্তরে চাপ এবং অন্যান্য শিল্পনীতির মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে। এর ফলে ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন পণ্যের বৈশ্বিক বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হচ্ছে।
যুক্তরাষ্ট্রের দাবি, চীনের এ উৎপাদন নীতি শুধু দেশটির নিজস্ব বাজারে সীমাবদ্ধ নেই। দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় চীনা বিনিয়োগের মাধ্যমে উৎপাদন সরিয়ে নেওয়া এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির প্রবণতাও তদন্তের আওতায় এসেছে। ওয়াশিংটনের ধারণা, এভাবে আগের শুল্ক এড়িয়ে মার্কিন বাজারে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে।
অন্যদিকে চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন। উৎপাদন সক্ষমতা নিয়ে অভিযোগকে রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরোধিতাও করেছে বেইজিং।
শুল্ক কার্যকরের আগে শুনানি ও জনমত
নতুন শুল্কের প্রস্তাব করা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারায় বিদেশি সরকারের এমন নীতি বা বাণিজ্যচর্চার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, যেগুলোকে মার্কিন বাণিজ্যের জন্য অযৌক্তিক, বৈষম্যমূলক বা ক্ষতিকর বলে বিবেচনা করা হয়।
এই ধারায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি সরাসরি তদন্ত শুরু করতে পারেন এবং তদন্তের ফলের ভিত্তিতে পাল্টা ব্যবস্থা প্রস্তাব করতে পারেন। এবারের তদন্ত শুরু হয়েছিল গত ১১ মার্চ। প্রায় আট মাসের তদন্তে ১৪০ জনের কাছাকাছি ব্যক্তির সাক্ষ্য এবং এক হাজার ৭০টি লিখিত মতামত পর্যালোচনা করেছে ইউএসটিআর।
এখন প্রস্তাবিত শুল্ক নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হবে। আগামী ৫ জানুয়ারি ২০২৭-এর মধ্যে লিখিত মতামত ও শুনানিতে অংশ নেওয়ার আবেদন জমা দিতে হবে। শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ২৫ জানুয়ারি থেকে।
অর্থাৎ, প্রস্তাবিত শুল্ক কার্যকরের আগে সংশ্লিষ্ট দেশগুলোকে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ দেওয়া হচ্ছে। শুনানি ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষে শুল্কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন আইনি পথ
ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক উদ্যোগের পেছনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গত ফেব্রুয়ারিতে আদালত জরুরি ক্ষমতা ব্যবহারের আইনে (আইইইপিএ) ট্রাম্পের আরোপ করা ব্যাপকভিত্তিক শুল্ক বাতিল করে দেন। এর ফলে ওই আইনের আওতায় বিভিন্ন দেশের ওপর আরোপ করা শুল্কের আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
এরপর বিকল্প আইনি কাঠামো হিসেবে ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারাকে কাজে লাগাচ্ছে ট্রাম্প প্রশাসন। এ ধারায় নির্দিষ্ট দেশের বাণিজ্যনীতি তদন্ত করে তার ভিত্তিতে শুল্ক আরোপের সুযোগ রয়েছে। ফলে নতুন প্রস্তাবকে সুপ্রিম কোর্টের রায়ের পর শুল্কনীতি পুনর্গঠনের প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে।
রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, নতুন উদ্যোগের তাৎপর্য শুধু শুল্ক বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বিদ্যমান বাণিজ্য চুক্তির শর্ত মেনেই বিভিন্ন দেশের ওপর নতুন করে চাপ তৈরির কৌশল নিয়েছে ওয়াশিংটন।
ব্রাজিলের পণ্যে আলাদা শুল্ক প্রস্তাব
১৪টি অর্থনীতির ওপর নতুন শুল্ক প্রস্তাবের পাশাপাশি ব্রাজিলের বিরুদ্ধেও পৃথক বাণিজ্যিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে এক বছরের বেশি সময় ধরে আলোচনা চললেও বাণিজ্যবিষয়ক বিরোধের সমাধান না হওয়ায় বিদ্যমান শুল্কব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব করেছে ইউএসটিআর।
এর আওতায় ব্রাজিল থেকে আমদানি করা তৈরি উড়োজাহাজের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। এতে দেশটির বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ব্রাজিলের কাঁচা ও পরিশোধিত চিনির আমদানিতেও নতুন শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ব্রাজিলের কিছু বাণিজ্যনীতি মার্কিন কৃষক, শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিযোগিতার সক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে দুই দেশের আলোচনা চললেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন। ব্রাজিলের সঙ্গে এই বিরোধ ১৪ অর্থনীতির নতুন তদন্তের বাইরে পৃথক সেকশন ৩০১ পদক্ষেপের অংশ।


















