মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: কর্মসংস্থান ব্যাংকের সৌজন্যে
বুধবার কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: কর্মসংস্থান ব্যাংকের সৌজন্যে

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু করেছে কর্মসংস্থান ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এ কর্মসূচির আওতায় ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের এ ঋণ দেওয়া হবে।

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ছয়জন উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, পরিচালনা বোর্ডের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ এবং ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান বলেন, ‘‘আশা করি, বাংলাদেশ ব্যাংক দেশের বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আরও সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান অব্যাহত রাখবে। এর মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে আরিফ হোসেন খান বলেন, “ঋণ বিতরণ সন্তোষজনক পর্যায়ে রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে, যাতে সঠিক ব্যক্তি ও প্রকৃত উদ্যোক্তার হাতে অর্থায়ন পৌঁছে। দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সঠিক কর্মসংস্থানমূলক উদ্যোগে ঋণের অর্থ ব্যবহার করতে হবে। ঋণের অর্থ যেন কোনোভাবেই নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহৃত না হয়, সে বিষয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঋণ আদায়ের বিষয়েও গুরুত্ব দিতে হবে।”

তিনি বলেন, “কর্মসংস্থান ব্যাংক যে মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সঠিকভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাংকের মাধ্যমে আরও বেশি অর্থায়ন করা হলে তরুণ সমাজের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।”

সভাপতির বক্তব্যে পারভীন আকতার বলেন, কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে উৎপাদনমুখী খাতে ঋণ সহায়তা দিয়ে যাচ্ছে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসূচির আওতায় বুধবার দেশের ২৯০টি শাখায় একযোগে ১ হাজার ৫৪৪ জন উদ্যোক্তার মধ্যে প্রায় ৩৩ কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। ১ হাজার কোটি টাকা ঋণ বিতরণের মাধ্যমে ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের গঠিত ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ থেকে এ কর্মসূচির জন্য কর্মসংস্থান ব্যাংকের অনুকূলে ১ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad