শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা সরকারের: শ্রমমন্ত্রী

দেশের সব কলকারখানা আগামী শনিবার থেকে ‘উৎসাহ-উদ্দীপনা’র মধ্য দিয়ে চালু হবে বলে প্রত্যাশা করছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা জানিয়ে শ্রমিক পরিচয়ে কেউ ইচ্ছাকৃতভাবে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শ্রমমন্ত্রী বলেন, “শনিবার থেকে দেশের সব কলকারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হোক, এটাই প্রত্যাশা করছে সরকার।”
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বক্তব্য শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতারা নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ চান। তবে তাদের কাউকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এ নিয়ে আপত্তি জানিয়ে একপর্যায়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন তারা।
এ ঘটনার পাশাপাশি শ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘উসকানি’র দিকে ইঙ্গিত করে আরিফুল হক চৌধুরী বলেন, “আপনারা তাদের আইডেন্টিফাই করে দেন, মানুষই তাদের প্রতিহত করবে। কিছুক্ষণ আগে দেখলেন না, এরা শ্রমিকও না, শ্রমিক নেতাও না। শ্রমিকদের কথা বলে যারা এসব করছে, তাদের বিষয়টি বুঝতে পারছেন।”
শ্রমমন্ত্রী বলেন, “আমার মনে হয়, এদের বিরুদ্ধে ২৪ জুলাই যেভাবে বিপ্লব হয়েছে, দেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।”
শ্রমিকদের বিভিন্ন দাবি ও অসন্তোষকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। শ্রমিকদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি তাদের কথা শোনার দায়িত্বও সরকারের। সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার চেষ্টা করবে।
মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে আরিফুল হক চৌধুরী বলেন, “মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়ায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা সহযোগিতা করেছেন। গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে। সরকার কোনো পক্ষের হয়ে হস্তক্ষেপ করেনি; বরং নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে।” এ জন্য মজুরি বোর্ডের সদস্য এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে। এতে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো সহজ হবে। তাই কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার কারণে শিল্পকারখানা বন্ধ হয়ে যাক, তা কোনোভাবেই কাম্য নয়। শিল্পের অগ্রগতির পাশাপাশি শ্রমিকদের স্বার্থও রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে একটি সুন্দর সমাধানের জন্য উৎসাহ দিয়েছেন। শেষ পর্যন্ত মজুরি বোর্ডের মাধ্যমে নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

















