পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, ঘোষিত নতুন ন্যূনতম মজুরি দেশের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। এর বদলে তাদের এমন মজুরি দিতে হবে যা দিয়ে তারা নিজের ও পরিবারের ব্যয় মেটাতে পারেন।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিস এই আহ্বান জানায়। এর আগে এ দিন ভোরে সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড পোশাক খাতের শ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করে, যা আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, পোশাক শ্রমিকেরা প্রাথমিকভাবে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছিলেন। ঘোষিত ন্যূনতম মজুরি তাদের প্রত্যাশা ও দাবির তুলনায় অনেক কম। খাদ্য, বাড়িভাড়া, যাতায়াত ও চিকিৎসার ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় নতুন মজুরিতেও অনেক শ্রমিকের পক্ষে মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হবে।
শ্রমিকদের নিজের ও পরিবারের জন্য মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার জন্য প্রকৃত জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এই মানবাধিবার সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, ন্যায্য মজুরির দাবি শ্রমিকদের অধিকার।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে এ মাসের শুরু থেকেই রাজপথে আন্দোলন করে আসছিলেন পোশাক শ্রমিকরা। আন্দোলন চলাকালে চলতি মাসের শুরুর দিকে অন্তত সাতজন পোশাক শ্রমিক ও শ্রমিক প্রতিনিধি গ্রেপ্তারের পর ২০ নভেম্বর আরও দুই ট্রেড ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটি বলছে, শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠন করা ও যৌথ দর-কষাকষির অধিকার চর্চার কারণে শ্রমিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া কিংবা বেশি মজুরির দাবিতে সংগঠিত হওয়ার কারণে শ্রমিক ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের গ্রেপ্তার, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।














