চীন-ভারত-বাংলাদেশসহ ১৬ অর্থনীতির ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৯: ০৬
ট্রাম্পের শুল্কনীতি আগে থেকেই বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। প্রতীকী ছবি: সংগৃহীত
ট্রাম্পের শুল্কনীতি আগে থেকেই বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। প্রতীকী ছবি: সংগৃহীত

চীন, ভারত ও বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের ১৬টি বড় বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে এসব অর্থনীতির বিরুদ্ধে পরিচালিত তদন্তের ভিত্তিতে বিভিন্ন ধরনের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ওয়াশিংটন।

সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিন ব্যক্তি মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তাদের ভাষ্য, শিগগিরই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে। এর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে। এসব শুল্ক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের কয়েকটি শুল্ক বাতিল করে দেন। সেগুলোর আংশিক বিকল্প হিসেবে নতুন শুল্ক আরোপ করা হতে পারে। ট্রাম্প প্রশাসনের শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করবেন।

দেশভেদে নির্ধারিত হবে শুল্কের হার

নতুন শুল্কের হার কত হবে, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন জানিয়েছেন, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কের হার নির্ধারণ করা হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে কোনো শুল্ক আরোপের সম্ভাবনা কম।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারদের বেশির ভাগের বিরুদ্ধে এই তদন্ত করছে ইউএসটিআর। এসব দেশের শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে শুল্কের যে সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে, হোয়াইট হাউজ তা বজায় রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি। এসব চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কের সীমা নির্ধারণ করা হয়েছে।

চীনের পণ্যের ক্ষেত্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশ রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যবিরতি বাড়ানো হলে এই সীমা বহাল থাকবে। বাণিজ্যবিরতি শেষ হয়ে গেলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে আরোপিত শুল্কের হার আরও বাড়তে পারে।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস মনে করছেন, তদন্তের ফলাফলে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। এতে ১৬টি বাণিজ্য অংশীদারের জন্য আলাদা আলাদা শুল্কের প্রস্তাব থাকতে পারে।

আইন ও পরামর্শক প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার মাজেরাস বলেন, বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে বিবেচিত দেশগুলোর পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। এসব শুল্কের সঙ্গে আগের শুল্কও যুক্ত হবে। জোরপূর্বক শ্রমের ব্যবহার ঠেকাতে আইন প্রয়োগে দুর্বলতার অভিযোগে পৃথক এক তদন্তের ভিত্তিতে এসব দেশের পণ্যে আগে থেকেই ১০ থেকে সাড়ে ১২ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

তবে তার মতে, প্রশাসন চাইলে শুরুতে কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দিতে পারে। সেই সঙ্গে এমন শর্ত যুক্ত করা হতে পারে, যাতে দেশগুলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমানোর পদক্ষেপ না নিলে সময়ের সঙ্গে শুল্কের হার বাড়বে।

আগের শুল্কের বিকল্প হিসেবে নতুন ব্যবস্থা

এই তদন্তের আওতায় থাকা বাণিজ্য অংশীদারদের মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এ ছাড়া রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে।

গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম প্রতিরোধে আইন প্রয়োগের দুর্বলতা নিয়ে আরেকটি তদন্ত শুরু হয়। এই দুই তদন্তের ভিত্তিতে আরোপিত শুল্কের মাধ্যমে গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের বাতিল করা ট্রাম্পের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্কব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্য নেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে। তাদের অভিযোগ, চীন অতিরিক্ত উৎপাদিত ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি, সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট পণ্যসহ বিভিন্ন পণ্য বিশ্ববাজারে সরবরাহ করছে। তবে চীন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি সক্ষমতার পেছনে প্রতিযোগিতামূলক সুবিধা কাজ করছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনের বিনিয়োগও এই তদন্তের অন্যতম লক্ষ্য। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য তৈরি এবং আগের শুল্ক এড়াতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিসহ বিভিন্ন দেশে চীনা বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কার্যক্রম চালানোর বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যবিরতির আওতায় ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর দ্বিতীয় মেয়াদের শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমিত রেখেছে। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও বহাল রয়েছে।

এ ছাড়া জোরপূর্বক শ্রমসংক্রান্ত আইন প্রয়োগের দুর্বলতার অভিযোগে চীনের সব পণ্যে ইতিমধ্যে সাড়ে ১২ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ২০ শতাংশের নির্ধারিত সীমায় পৌঁছাতে শুল্কের হার বাড়ানোর সুযোগ রয়েছে আরও সাড়ে ৭ শতাংশ।

এদিকে দুই দেশই একে অপরের কাছ থেকে আমদানি করা ৩০ বিলিয়ন ডলারের অ-কৌশলগত পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়েও কাজ করছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad