শ্রমিক আন্দোলনে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিজিএমইএর লোগো (বাঁয়ে) ও মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। ছবি: কোলাজ
বিজিএমইএর লোগো (বাঁয়ে) ও মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। ছবি: কোলাজ

তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে তৈরি পোশাক খাতে মোট ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় পাঁচ হাজার ১৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক খাতের কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি আরও বলছে, একই সময়ে বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলার বা প্রায় তিন হাজার ৯৬ কোটি টাকার সমপরিমাণ ক্রয়াদেশ অন্য দেশে সরে গেছে।

রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এসব তথ্য জানিয়েছে। সংগঠনটি বলছে, উৎপাদন বন্ধ থাকা ও কারখানার ক্ষতি মিলিয়ে ৩১৭টি কারখানার সরাসরি এ ক্ষতি হয়েছে। এ চিত্র প্রকৃত ক্ষয়ক্ষতির একাংশ মাত্র।

বিজ্ঞপ্তিতে বা হয়েছে, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত অক্টোবর থেকে পোশাক শ্রমিকরা রাস্তায় নামলেও চলতি মাসের শুরু থেকে অসন্তোষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিজিএমইএ ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সময়ে এ খাতের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে।

চলতি মাসের প্রথম ১৮ দিনে অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলো কী পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, তার তথ্য জানাতে সম্প্রতি সদস্য কারখানাগুলোতে চিঠি দিয়েছিল বিজিএমইএ। রোববার পর্যন্ত ৩১৭টি কারখানার কাছ থেকে সে চিঠির জবাব পেয়েছে বিজিএমইএ। তার ওপর ভিত্তি করেই পোশাক কারখানার মালিকদের সংগঠনটি ক্ষয়ক্ষতির এ হিসাব তুলে ধরেছে।

বিজিএমইএ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সরাসরি এই ক্ষতির বাইরেও সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন চরম ঝুঁকিতে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, এমনকি সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যেগুলোকে এই হিসাবের মধ্যে বিবেচনা করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিএমইএর হিসাবে শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে জরিপে মাত্র ৩১৭টি কারখানার পক্ষ থেকে হিসাব পাওয়া গেছে। ফলে প্রকৃত ক্ষতির ভয়াবহতা আরও ব্যাপক এবং জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র।

জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে অস্থিতিশীল পরিবেশ এখনো চলমান রয়েছে বলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়েও আরও অনেক বেশি হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিএমইএ।

২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় অভিযোগ তুলে অক্টোবর থেকে মজুরি বৃদ্ধির আন্দোলনে নামেন তৈরি পোশাক খাতের শ্রমিকরা। ন্যূনতম মজুরি ৩০ থেকে ৩২ হাজার টাকা করার দাবিতে গাজীপুর, সাভার, আশুলিয়া ও মিরপুরে সড়ক অবরোধ, কর্মবিরতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংকট নিরসনে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে দেয়। এরই মধ্যে মজুরি বোর্ডের দুটি বৈঠক হয়েছে, তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেছেন, চূড়ান্ত মজুরি যখনই ঘোষণা করা হোক, তা ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে। তবে আগের তুলনায় কমে এলেও এখনো শ্রমিকরা বিভিন্ন এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে শ্রমিক আন্দোলনের জেরে অনেক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

চলমান এই শ্রমিক অসন্তোষকে ঘিরে নাশকতা ও অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ইন্ধন, উসকানি ও অর্থায়নের অভিযোগ তুলেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আওয়ামী লীগ-সমর্থিত কিছু কারখানা মালিক ও সাবেক নেতাকর্মীরা নেপথ্যে থেকে উসকানি ও অর্থ সরবরাহ করছেন।

এরই মধ্যে নাশকতায় জড়িত থাকার অভিযোগে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। সন্দেহভাজন অর্থদাতাদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শ্রমিক সংগঠনগুলো এ অভিযোগকে মূল দাবি আড়াল করার চেষ্টা বলে মন্তব্য করেছে। তবে সরকার বারবারই বলছে, শ্রমিকরা দাবি তোলার পরপরই সরকার মজুরি বোর্ড গঠন করে দিলেও শ্রমিকদের আন্দোলন বন্ধ না করার পেছনে উসকানি ছাড়া অন্য কোনো ব্যাখ্যা নেই।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad