সাময়িক ত্রুটি কাটিয়ে স্বাভাবিক বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস সেবা

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাট দূর হওয়ায় রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা ফের স্বাভাবিক হয়েছে। কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই লেনদেন ব্যবস্থাটি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫৬ মিনিটে বাংলাদেশ ব্যাংক প্রথম আরটিজিএস বন্ধ থাকার কথা জানায়। পরবর্তীতে দ্রুত সমস্যা সমাধান করে বেলা ১১টা ২ মিনিটে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয় যে আরটিজিএস সেবা আবার চালু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কত সময় ধরে আরটিজিএস লেনদেন বন্ধ ছিল বিষয়টি জানায়নি বাংলাদেশ ব্যাংক।
আরটিজিএস হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটি বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ স্থানান্তর করা যায়। সাধারণত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনে এ ব্যবস্থা ব্যবহার করা হয়। প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিক ভিত্তিতে নিষ্পত্তি করা হয়।













