কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের এসবিএমএমইএফ প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের স্মল বিজনেস মাইক্রোফাইন্যান্স অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজ ফান্ড (এসবিএমএমইএফ) প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসংস্থান ব্যাংকের কুড়িগ্রাম শাখা এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। কর্মসংস্থান ব্যাংকের বিভাগীয় কার্যালয়, রংপুরের উপমহাব্যবস্থাপক মোঃ মুঞ্জু রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা অংশ নেন।

বিশেষ অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক এবং এসবিএমএমইএফ কর্মসূচির প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান এবং ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহঃ আকতার হোসেন প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে অরুন কুমার চৌধুরী বলেন, এসবিএমএমইএফ প্রকল্পের আওতায় ঋণ সুবিধা দেওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ এবং মার্কেট লিংকেজ প্রদান করা হবে। শুধু ঋণ দেওয়ার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসার বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরামর্শ দেন তিনি।

এ সময় উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের পাশাপাশি ব্যবসা পরিচালনা, হিসাব ব্যবস্থাপনা ও ঋণের সঠিক ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন ব্যবস্থাপনা পরিচালক।

কর্মসূচিতে প্রকল্পের আওতায় পাঁচজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তার মধ্যে চেক বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement