পুরোনো পথে এগোনো সম্ভব নয়— ব্র্যান্ড ফোরামের লিডারশিপ সামিটে বক্তারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের দশম লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
সোমবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের দশম লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির সামনে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং প্রযুক্তির দ্রুত রূপান্তরের সঙ্গে তাল মেলাতে পুরোনো ধারায় এগোনো সম্ভব নয়। এ জন্য প্রবৃদ্ধির প্রচলিত ধারণা নতুন করে ভাবা, প্রতিষ্ঠানকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলা এবং পরিকল্পনার বাস্তব ফল নিশ্চিত করতে হবে। রাজধানীতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের দশম লিডারশিপ সামিটে বক্তারা এসব কথা বলেন।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ হিসেবে আয়োজিত দশম এ আসরে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক প্রতিষ্ঠানের নির্বাহী ও শিক্ষাবিদেরা অংশ নেন।

এবারের সামিটের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’। সামিটে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “গত দশ বছর ধরে এই সামিট দেশের ব্যবসার গতিপথ নির্ধারণকারী নেতাদের একত্রিত করে আসছে। আজ এই আলোচনার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। পুরোনো পথে হেঁটে আর এগোনো সম্ভব নয়। তাই নতুন করে ভাবার সাহস, পুনর্গঠনের শৃঙ্খলা এবং ফল অর্জনের অঙ্গীকার নিয়ে নেতাদের এগিয়ে আসতে হবে।”

দিনব্যাপী সামিটে ছিল চারটি কিনোট সেশন, একটি ফায়ারসাইড কনভারসেশন, একটি কেইস স্টাডি, তিনটি প্যানেল আলোচনা ও একটি ইন্টারঅ্যাকটিভ সেশন।

কিনোট সেশনগুলোতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা, পরিবর্তনশীল বিশ্বে নেতৃত্ব ও প্রতিষ্ঠানের রূপান্তর এবং অনিশ্চিত ভবিষ্যতের জন্য টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয় উঠে আসে। এসব বিষয়ে বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে, জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর ও চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের কো-প্রেসিডেন্ট অ্যান্ড গ্লোবাল অ্যাডভাইজার অধ্যাপক দীপক সি. জৈন, ট্রু করপোরেশনের গ্রুপ সিইও সিগভে ব্রেকে এবং এল ক্যাটারটন ইন্ডিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান সঞ্জীব মেহতা।

সঞ্জীব মেহতা হিন্দুস্তান ইউনিলিভারের সাবেক চেয়ারম্যান এবং ইউনিলিভার সাউথ এশিয়ার সাবেক প্রেসিডেন্ট। বড় পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। অন্যদিকে সিগভে ব্রেকে অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করেন।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল একটি বিশেষ ফায়ারসাইড কনভারসেশন। এতে অংশ নেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং নতুন প্রজন্মের নেতৃত্বের মূল্যবোধ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন তারা।

তিনটি প্যানেল আলোচনা ও অন্যান্য সেশনে ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, ব্যবসা ঘুরিয়ে দাঁড় করানোর কঠিন সিদ্ধান্ত এবং দক্ষ ও দায়িত্বশীল দল গঠনের উপায় নিয়ে আলোচনা হয়। কেইস স্টাডিতে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। আর ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশগ্রহণকারীরা আগামী ৯০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের ভাবনা বিনিময় করেন।

সামিটের বিভিন্ন পর্বে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ, রেনেটা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস. কাইসার কবির, আইফাদ গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের সাবেক চেয়ারম্যান কামরান বাকর এবং বার্জার পেইন্টস বাংলাদেশের নির্বাহী পরিচালক রূপালী চৌধুরী।

সামিটে বক্তাদের আলোচনায় উঠে আসে, বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা নির্ভর করবে এমন নেতৃত্বের ওপর, যারা পরিবর্তিত পরিস্থিতি বুঝে নতুন পরিকল্পনা নিতে এবং সেই পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে সক্ষম।

সামিটটি ইউনাইটেড গ্রুপের পরিবেশনায় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এ ছাড়া সহায়তাকারী হিসেবে ছিল বিএসআরএম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি ও রয়্যাল এনফিল্ড। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স, অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস, নলেজ পার্টনার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ। হসপিটালিটি পার্টনার ছিল লা মেরিডিয়ান ঢাকা, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর, ইনোভেশন পার্টনার বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ এবং একাডেমিক পার্টনার লিডারশিপ একাডেমি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad