খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা

তিন মাসের ব্যবধানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। এতে মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি হয়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
খেলাপি ঋণ বৃদ্ধিকে ‘স্বাভাবিক’ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “প্রশ্ন উঠতে পারে বন্ধ কারখানা চালু ও উদ্যোক্তাদের ঋণ দেওয়ার স্কিম ঘোষণার মধ্যেই এ খেলাপি বেড়েছে, বৃদ্ধি কিন্তু সামান্য হয়েছে।”
তিনি আরও বলেন, “বেড়েছে এই আশায় যে সামনের প্রান্তিকে কমে যাবে। আশা করছি, ফ্লেক্সিবল পলিসি করার কারণে ব্যবসায়ীরা এগিয়ে আসছেন। নীতিগুলো গ্রাহক ও ব্যাংকের জন্য সহজতর হবে-তাতে পরের প্রান্তিকে কমে আসবে।”
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুন শেষে এর পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৪ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঋণের স্থিতি বেড়েছে ৫ হাজার ৫৭৫ কোটি টাকা।
ব্যাংক খাতভেদে হিসাব করলে সেপ্টেম্বর শেষে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি, বিদেশি ব্যাংকগুলোতে ৩ হাজার ৯১৫ কোটি এবং বিশেষায়িত ব্যাংকগুলোতে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা খেলাপি হয়েছে।
এক বছর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ। ওই সময়ে মোট ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা।
এরপর ঋণ আদায় ও পুনঃতফসিল সুবিধার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় অঙ্কের খেলাপি ঋণ নবায়ন হয়। এতে ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ কমে ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকায় নেমে আসে। ওই সময় খেলাপি ঋণের হার ছিল ৩০ দশমিক ৬০ শতাংশ।
তবে ডিসেম্বরের পর আবারও খেলাপি ঋণ বাড়তে শুরু করে। মার্চ প্রান্তিকে মোট ঋণের স্থিতি বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। ওই তিন মাসে নতুন ঋণ বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।








-13b654-256x144.webp)




