তুরস্কে বিনিয়োগ তহবিল কেলেঙ্কারি, ১০৮ জনের সম্পদ জব্দের উদ্যোগ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৪: ৪৮
শেয়ারবাজারে লেনদেন করছেন ব্যবসায়ীরা। প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি
শেয়ারবাজারে লেনদেন করছেন ব্যবসায়ীরা। প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

তুরস্কে বড় ধরনের বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে ১০৮ জনের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন দেশটির কৌঁসুলিরা। শেয়ার কেনাবেচার মাধ্যমে এসব ব্যক্তি প্রত্যেকে ২০ লাখ ডলারের বেশি মুনাফা করেছেন। বিরোধী দলের এক সংসদ সদস্যের উদ্ধৃত একটি আইনি নথিতে এ তথ্য উঠে এসেছে।

গত ১৮ নভেম্বর কৌঁসুলিরা সম্পদ জব্দের বিষয়ে নথিটি তৈরি করেন। পরে তা তুরস্কের গণমাধ্যমে ফাঁস হয়। শনিবার রাতে নথির কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন বামপন্থি ওয়ার্কার্স পার্টি অব তুরস্কের (টিআইপি) সংসদ সদস্য আহমেত শিক।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, দুই মাস আগে কয়েক কোটি ডলারের এই বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির সূত্রপাত হয়। এতে প্রায় পাঁচ লাখ মানুষের সঞ্চয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ক্ষমতাসীন দলের ওপরও চাপ বেড়েছে।

অভিযোগ রয়েছে, কয়েকটি শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দেখাতে বিনিয়োগ তহবিল ব্যবহার করা হয়েছিল। এতে শেয়ারগুলোর মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর সুযোগ নিয়ে ভেতরের তথ্য জানা ব্যক্তিরা বিপুল মুনাফা করেন।

আহমেত শিকের প্রকাশ করা নথিতে বলা হয়েছে, ‘কারসাজি শনাক্ত হওয়ার সময় ১০ কোটি তুর্কি লিরার বেশি ব্যক্তিগত মুনাফা করেছেন, এমন ১০৮ জনকে শনাক্ত করা হয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে ‘কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

নথিতে আরও বলা হয়, ‘ফলে এসব ব্যক্তির সম্পদ জব্দের সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে জানানো হয়েছে।’

শিক জানান, নথিতে ওই ব্যক্তিদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি। তাদের মধ্যে রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক যোগাযোগ রয়েছে এমন কয়েকজন, ব্যবসায়ী এবং অর্থ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা খাতের ব্যক্তিরা রয়েছেন।

ক্ষমতাসীন মহলে অস্থিরতা

গত সেপ্টেম্বরের মাঝামাঝি কয়েকটি বিনিয়োগ তহবিল বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার অনুরোধ রাখতে ব্যর্থ হলে কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে। পরে নিয়ন্ত্রক সংস্থাগুলো সাতটি প্রতিষ্ঠানকে অবসায়নের আওতায় আনে। প্রতিষ্ঠানগুলো ১৩১টি বিনিয়োগ তহবিল পরিচালনা করত, যেগুলোর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার।

এই কেলেঙ্কারির জেরে তুরস্কের ক্ষমতাসীন মহলেও অস্থিরতা দেখা দিয়েছে। চলতি মাসের শুরুতে এরদোগানের ক্ষমতাসীন একে পার্টির সাবেক এক মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাকে বিচারাধীন অবস্থায় কারাগারে পাঠানো হয়। এ সপ্তাহে দলটির শীর্ষ এক নেতার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, একে পার্টির উপপ্রধান হায়াতি ইয়াজিচির ছেলে মুস্তাফা ইয়াজিচিকে বৃহস্পতিবার ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কৌঁসুলিরা। পরে তাকে বিচারিক নজরদারির শর্তে মুক্তি দেওয়া হয়।

এ সপ্তাহে বিরোধী দলের এক সংসদ সদস্য একে পার্টির আরেক জ্যেষ্ঠ নেতার দুই ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তের কেন্দ্রে থাকা তেরা নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কথিত সংশ্লিষ্টতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

কেলেঙ্কারির প্রভাব পড়েছে দেশটির আর্থিক নিয়ন্ত্রক ব্যবস্থাতেও। গত বুধবার কৌঁসুলিরা সাবেক ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থার প্রধান শাহাপ কাভচিওগলুর বিরুদ্ধে তদন্তের অনুমতি চেয়েছেন। তিনি গত সপ্তাহে পদত্যাগ করেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তদন্তের অনুমতির সিদ্ধান্তের অপেক্ষা না করেই তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ সংকটের জেরে শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এ ছাড়া ঘুষ গ্রহণের অভিযোগে ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহীকে বিচারাধীন অবস্থায় কারাগারে পাঠানো হয়েছে।

এরদোগান চলতি সপ্তাহে জানিয়েছেন, এ ঘটনায় কৌঁসুলিরা ৫০০ জন সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত করছেন। তাদের মধ্যে ১৩৬ জন বিচার-পূর্ব আটক রয়েছেন এবং ২৮৫ জনকে বিচারিক নজরদারির শর্তে মুক্তি দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বাসস/এএফপি/অনু-জেজেড।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad