রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে: তারেক রহমান

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার ইস্যু বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে আছেন বলেও জানিয়েছেন তিনি।
সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বার্তায় জানানো হয়েছে, সংসদ সচিবালয়ে দুপুর আড়াইটায় শুরু হওয়া সভায় সংসদ নেতা তারেক রহমান নিজেই সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন ইস্যুটি সভায় আলোচনায় আসে। তবে এ বিষয়ে খুব বেশি আলোচনা হয়নি। তারেক রহমান সংক্ষেপে এ বিষয়ে বলে দেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে অনুযায়ী বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন।













