আ.লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি: নাহিদ

বিএনপি জোর করে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দলটি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল।
বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে তিনি বলেন, দলটি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। তারা মরহুম বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনের কথা ভুলে গেছে। আওয়ামী লীগের ১৬ বছরের নির্যাতনের ইতিহাস কীভাবে এত সহজে ভুলে যাচ্ছে তারা?
নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান যে ঐতিহাসিক ভুলের মাশুল দিয়েছেন, একই ভুলের মাশুল যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়। অতীতেও ক্ষমতাসীনরা অনেক আইন পাস করলেও সেগুলো টেকেনি। এভাবে জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জামায়াতের সঙ্গে তাদের জোট এজেন্ডাভিত্তিক, আদর্শিক নয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এনসিপি এককভাবে প্রার্থী দেবে বলে জানান তিনি।
সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গাইবান্ধায় পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতা-কর্মীরা।














