গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে সরকারের ‘চেষ্টা’ দেখেননি জামায়াত আমির

গোপালগঞ্জে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। একই সঙ্গে জনগণের গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার পরিচালনা করলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বাংলাদেশ কোনো সুবিধা পাবে না। বরং এর ফলে অতীতের ফ্যাসিবাদীরা আবার সুযোগ পাবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, সমস্যা সরকারই তৈরি করেছে, তাই সমাধানও তাদের খুঁজে বের করতে হবে এবং জনগণের গণরায় বাস্তবায়ন করতে হবে।
শফিকুর রহমান বলেন, জনগণের গণরায় বাস্তবায়ন করা হলে ২০২৪ সালের মতো সবাই আবার ঐক্যবদ্ধ হতে পারবেন। নতুন করে জাতীয় ঐক্যের কোনো প্রক্রিয়া শুরুর প্রয়োজন হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধান আপনারা খুঁজে বের করুন এবং জনগণের গণরায় বাস্তবায়ন করুন। তাহলে ২০২৪ সালে যেমন সবাই ঐক্যবদ্ধ ছিলাম, নতুন করে ঐক্যের কোনো প্রক্রিয়া শুরু করার দরকার হবে না। এর ওপরেই জাতীয় ঐক্য তৈরি হয়ে যাবে।’
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, জুলাইয়ের অঙ্গীকার পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করেছে সরকার। জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত মানতে হবে বলে মন্তব্য করেন তিনি। কোনো কিছুর বিনিময়ে নিজেদের অবস্থান পরিবর্তন করবেন না বলেও জানান। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বসব তবে জনগণের দাবি নিয়ে আমাদের দলের দাবি নিয়ে নয়।’
বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। তাঁর ভাষায়, এটি জাতির সঙ্গে প্রতারণা। সংবিধান সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা হলে আদালত তাতে হাত দিতে পারবে না, কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালতের হস্তক্ষেপের সুযোগ থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে তিনি বলেন, নারী, শিশু ও মা-বোনেরা নিরাপদ নন। সারা দেশে মাদক ও অস্ত্রের ঝনঝনানি বেড়েছে, এমনকি স্কুলের গেটে ও ভেতরেও মাদক বিক্রি হচ্ছে।
পোশাকশিল্পের অস্থিরতা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এ শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বলেছি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে ও শিল্প বাঁচলে দেশ বাঁচবে।’ এ জন্য সরকার ও শিল্পমালিকদের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। পোশাকশিল্পকে ধসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সংবাদমাধ্যমে এ শিল্প নিয়ে নেতিবাচক ও ধ্বংসাত্মক সমালোচনা করা হচ্ছে। শিল্পটি টিকবে না বলেও প্রচার করা হচ্ছে। এর পেছনে তাদের কোনো হাত আছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
অধিবেশনের দাবি মজলিসে শূরার
গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধ করাসহ কয়েকটি দাবি জানিয়েছে জামায়াতের মজলিসে শূরা। চব্বিশের গণ-অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অংশীজনের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখতে কার্যকর ও জোরালো পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে। অধিবেশনের এসব সিদ্ধান্তের কথা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশনে স্বাস্থ্যসেবা খাতের সংস্কার, হামের টিকাদান ও চিকিৎসা নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ভাঙা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ঠেকাতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। প্রস্তাবে ‘জুলাই গণহত্যা’ ও শরিফ ওসমান হাদি হত্যার বিচার, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিও রয়েছে।
এ ছাড়া পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস ও নাশকতা দমন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও পুশইন বন্ধ এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করার দাবি জানিয়েছে মজলিসে শূরা। প্রশাসন, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রবাসীদের সমস্যা সমাধানের আহ্বানও জানানো হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ফিলিস্তিনসহ বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ ও আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের দাবি জানানো হয়।















