দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

মৃত্যুদণ্ডাদেশ নিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে উপস্থিত হলেই গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শেখ হাসিনা পাসপোর্ট চেয়ে আবেদন করার পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে যে আইন অনুসরণ করা হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮৪টি মিশন রয়েছে এবং প্রতিটি মিশনকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়। ফলে শেখ হাসিনা বাংলাদেশের যেকোনো মিশনে উপস্থিত হলে তাকে গ্রেপ্তার করা হবে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে চলে যাওয়ার পর তার পাসপোর্ট বাতিল করা হয়েছিল। সম্প্রতি নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট চেয়ে আবেদন করেন তিনি।

রয়টার্সের মঙ্গলবারের আরেক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা। জাতীয় পতাকাবাহী বিমানের ফ্লাইটে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছেন তিনি। এর আগে এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছিলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে হাতকড়া পরা বন্দি অবস্থায় দেশে ফিরতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদও জানান, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বলেন, ‘একজন আসামি, তিনি যদি দণ্ডপ্রাপ্ত, তারা যদি আসে, তাদের অবশ্যই জেলে যেতে হবে। এর ব্যত্যয় হবে না।’

শেখ হাসিনাকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে কোনো ব্যক্তি দণ্ডিত ও দোষী সাব্যস্ত হলে সরকার তাকে পাসপোর্ট, এনআইডি কিংবা এ ধরনের কোনো সুবিধা দিতে বাধ্য নয়। শেখ হাসিনার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া আইন মন্ত্রণালয় দেখছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও প্রক্রিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হবে। এদিকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের পাশাপাশি জুলাই-আগস্টের হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গেলে শেখ হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা সরকারের রয়েছে কি না, এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, ‘উনি কোথায় আছেন, সেটাই তো কেউ জানে না। উনার চেহারা আপনারা দেখেছেন কি? আমরা তো দেখি নাই।’ ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে ফেরার ইচ্ছা প্রসঙ্গে তিনি বলেন, ‘কে কোথায় লুকিয়ে থেকে কী বলছে, তা নিয়ে আলোচনা করা মিডিয়ার সময় নষ্ট, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট। আমাদের সবার সময় নষ্ট হচ্ছে।’ ভারতের সঙ্গে দণ্ডিতদের ফেরানো নিয়ে আলোচনা চললেও এ বিষয়ে কোনো কথা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এখানে প্লেন পাঠানো, হেলিকপ্টার পাঠানো, বাস পাঠানো, কোনো কথা কারো সঙ্গে হয়নি …. আসুক না, আসল অ্যারেস্ট হয়ে জেলে যাবে।’ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্ট’ আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘উনি তো উনার নেতা-কর্মীদের ফেলে পালিয়ে গেছেন। এখন উনার যে নেতা-কর্মীরা দেশে আছেন, তাদের বিপদে ফেলছেন।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad