পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে সংবাদ সম্মেলনে শ্রমিক শক্তির নেতাকর্মীদের হট্টগোল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৯: ২২
ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে সরকারের সংবাদ সম্মেলনের সময় আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতাকর্মীরা। বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে তারা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে ‘বয়কট’ স্লোগান দিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বক্তব্য দিতে গেলে শ্রমিক শক্তির নেতাকর্মীরা নিজেদের বক্তব্য তুলে ধরার দাবিতে হট্টগোল শুরু করেন।

এর আগে শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বক্তব্য শেষ হলে শ্রমিক শক্তির নেতারা পেছন থেকে নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ চান। তবে তাদের কাউকে কথা বলার সুযোগ না দিয়ে মাহদী আমিনকে মাইক্রোফোন দেওয়া হলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

এ সময় আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “এটি সংবাদ সম্মেলন।” জবাবে শ্রমিক শক্তির এক নেতা বলেন, “বক্তব্য দিতে না দিলে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে কেন?” আরেকজন বলেন, “আমরা কথা বলব। গাজীপুরে যখন শ্রমিকদের ওপর হামলা হচ্ছে, তখন এখানে মিটিং হচ্ছে। আমরা সেই কথা বলতে চাই। শুধু আপনাদের কথা বললে হবে না, আমাদের কথা শুনুন।”

এরপর তারা ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান দিতে থাকেন। এ সময় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ, মুখ্য সংগঠক আরমান হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক মামুন চাকলাদারের সঙ্গে আয়োজকদের বাক্‌বিতণ্ডা হয়।

শিমুল বিশ্বাস তাদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। একপর্যায়ে ‘বয়কট, বয়কট’ স্লোগান দিয়ে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান এনসিপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad