বিজয়ের মাসের প্রথম দিন বড় সমাবেশ করবে বিএনপি, থাকবেন প্রধানমন্ত্রী

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। ওই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে।
রিজভী জানান, বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠান বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা পহেলা ডিসেম্বর মাসব্যাপী বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি একটু বড় সমাবেশের মাধ্যমে করতে চাই। আমরা আশা করছি, আমাদের এই সমাবেশে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যেই আমাদের এ প্রস্তুতি সভা ছিল।’ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।
যৌথসভায় দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা, অঙ্গসংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিব এবং ঢাকার আশপাশের জেলার নেতারা উপস্থিত ছিলেন। সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের প্রশাসক আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। তাঁর দাবি, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখনো সহিংসতার পথ থেকে সরে আসেননি। তার নির্দেশনায় দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমা ও হাসপাতালে হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদেরও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে কৃষক দলের দুজন নিহত হয়েছেন। উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, তারেক রহমান দেশ পরিচালনায় গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছেন, সেটিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সরকার অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথ বেছে নেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাহিনীগুলো ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে গুম, খুন, ক্রসফায়ার ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটত বলেও দাবি করেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের সমালোচনা এবং যুক্তরাষ্ট্রে দলটির অনুষ্ঠানে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের জুলাই আন্দোলনের প্রশংসা ও অবাধ নির্বাচনের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন রিজভী। প্রতিবেশী দেশের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর ঢাকা দখলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের অহংকারের মধ্যে আমাদের স্বাধীনতা, আমাদের গর্বের মধ্যে আমাদের সার্বভৌমত্ব। এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না।’ ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের নির্যাতনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে আপস করা হবে না বলেও জানান তিনি।







-08aa14.jpg)
-37725c-256x144.webp)

-d971e3.jpg)



