প্রত্যর্পণ নিয়ে আলোচনা শেখ হাসিনার সঙ্গে নয়, ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। তার ভাষ্য, সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, তবে তিনি কোন পরিবহনে দেশে আসবেন, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে এর আগে খবর প্রকাশ করে রয়টার্স। তার মুখপাত্র বার্তা সংস্থাটিকে জানান, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন শেখ হাসিনা।
শেখ হাসিনার বাংলাদেশ বিমানে ফেরার ইচ্ছার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস উনি এসে বলছেন না আসার পর ওনাকে প্রাইম মিনিস্টার হিসেবে এখানে দায়িত্ব দিতে হবে। আমি দেখেছি ভারতের কেউ কেউ বলেন যে, উনি নাকি এখনো প্রাইম মিনিস্টার। আমরা দাওয়াত কার্ড পাঠিয়ে রাখি উনি তাও চান কি না জানি না।” তিনি আরও বলেন, “আমরা যেভাবে তাকে চাই, সেভাবেই চাই। এখন সেটা বাংলাদেশ বিমানে না অন্য কিছুতে আসবেন, আমরা তাকে চাই তাকে আমাদের কাছে প্রত্যর্পণ করা হবে।” তার ভাষ্য, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আবেদন ইতোমধ্যে যে রাষ্ট্রে তিনি পালিয়ে আছেন, সেই ভারতের কাছে জানানো হয়েছে।
শেখ হাসিনার সঙ্গে সরকারের কোনো যোগাযোগ হচ্ছে কি না, এমন প্রশ্নে তথ্য উপদেষ্টা বলেন, “হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সাথে আমাদের না। এই আলোচনা আমাদের সাথে ইন্ডিয়ার আলোচনা— যে আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার ওখানে আছেন, যাদের শুধু অ্যাকিউজড না, শেখ হাসিনা কনভিক্টেড।” তার মতে, ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক কৌশল। তিনি বলেন, “তিনি মাঝখান থেকে দেখানোর চেষ্টা করছেন যে তিনি আসলে অনেক কিছু, তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে। এটা আমরা আগেও বলেছি, ইটস আ ব্লাফ টু দ্য পলিটিক্যাল পিপল। তার যারা দল আছে, দলের লোকজন আছে, তাদেরকে তিনি এভাবেই দেখাতে চাইছেন।”
ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি জটিলতার কথা বলা হলেও এখন আর সে ধরনের বাধা নেই বলে মনে করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, “ভারত প্রায়ই একটা কথা বলত যে এটার সাথে আইনি ইস্যুজ আছে ইত্যাদি ইত্যাদি। আমি তো বলছি শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করতে এখন আর কোনো প্রবলেম নাই, ইজন্ট ইট?” তার মতে, শেখ হাসিনা দেশে আসতে চাইলে এখন আদালতে যাওয়ার বা আইনি জটিলতায় পড়ার কারণ নেই। তিনি আরও বলেন, “এটা তো ভারত ওনাকে জোর করে এক্সট্রাডাইট করছে না। শেখ হাসিনা বলছেন আমি যেতে চাই এবং বাংলাদেশ চাইছে তাকে প্রত্যর্পণ করা হোক। দুটো মিলে গেল।” আওয়ামী লীগের মধ্যে সরকার শেষ মুহূর্তে তাকে দেশে আসতে দেবে না বলে যে প্রচারণা রয়েছে, সে বিষয়ে তিনি পাল্টা প্রশ্ন করেন, “সরকার না চাইলে বারবার এক্সট্রাডাইট করার কথা বলত?”
শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে চিঠি দিয়েছিল ম্যাট্রিক্স চেম্বার্স। ওই আবেদনের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর ফের চিঠি দেন প্রতিষ্ঠানটির আইনজীবী স্টিভেন পাওলস। এর পাঁচ দিন পর শেখ হাসিনার মুখপাত্র বিমানে করে বিজয় দিবসে তাকে দেশে ফেরানোর দাবির কথা জানান। এর আগে শেখ হাসিনা রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও জানিয়েছেন, কোনো পরিবহন পাঠিয়ে নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে সরকার। রোববার তিনি রয়টার্সকে বলেছিলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে এবং তাকে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ। দলটির জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ শেখ হাসিনার মতো ভারতে কিংবা অন্য দেশে আত্মগোপনে রয়েছেন, অনেকে আছেন কারাগারে। জাতিসংঘের হিসাবে, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।



-37725c.jpg)








-78eff2-256x144.webp)


-c04200-256x144.webp)
