কয়েকদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কয়েকদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর

গ্যাসের চলমান সংকট কাটিয়ে দেশে সরবরাহ ‘কয়েকদিনের মধ্যে’ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, ‘সরকারের উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে আমদানি ব্যবস্থার ফলে আগামী কয়েকদিনের মধ্যে গ্যাস সরবরাহ পূর্বের অবস্থায় ফিরবে।’

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকায় জ্বালানি নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এ সেমিনারের আয়োজন করে।

বক্তব্যে তিতুমীর বলেন, দেশে মোট গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফটি)। বর্তমানে সরবরাহ রয়েছে ২৬শ থেকে ২৭শ এমএমসিএফটি। এর মধ্যে ১৬শ এমএমসিএফটি আসে অভ্যন্তরীণ উৎস থেকে এবং এলএনজি থেকে পাওয়া যায় ১ হাজার এমএমসিএফটি।

আবেদনকৃত গ্রাহকসহ দেশে মোট গ্যাসের চাহিদা ৫ হাজার ২০০ এমএমসিএফটি হওয়ার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “এই চাহিদা পূরণে সরকার ইতোমধ্যে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে মাতারবাড়িতে ১ হাজার এমএমসিএফটি ক্ষমতাসম্পন্ন ‘বিল্ড, ওন, অপারেট, ট্রান্সফার’ পদ্ধতিতে একটি স্থল এলএনজি টার্মিনাল স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।”

এ ছাড়া মহেশখালীতে গভীর সমুদ্রে ৬০০ এমএমসিএফটি ক্ষমতাসম্পন্ন এফএসআরইউ নির্মাণে চীনা একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা শেষের পথে রয়েছে বলেও জানান তিনি।

জ্বালানি নিরাপত্তা নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: সংগৃহীত
জ্বালানি নিরাপত্তা নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: সংগৃহীত

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসর মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।

ইএসটেক্স ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক এজাজ হোসেন, বিআইআইএসএসর গবেষণা পরিচালক মাহফুজ কবির এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মঞ্জুর আলম প্রধান তিনটি উপস্থাপনায় দেশের বর্তমান জ্বালানি নিরাপত্তা পরিস্থিতির সার্বিক দিক তুলে ধরেন।

এদিকে, বেশ কিছুদিন ধরে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। পাশাপাশি বিভিন্ন কারখানার উৎপাদনও চরমভাবে ব্যাহত হচ্ছে। বাসাবাড়ি, হোটেল ও রেস্তোরাঁয় রান্নাবান্না নিয়েও চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

বিকল্প জ্বালানি ব্যবহার করতে গিয়ে বাড়ছে খরচ ও ভোগান্তি। চাপ বেড়েছে খাবারের হোটেলগুলোতেও। লাইনের গ্যাস না পাওয়ায় অনেক হোটেল খাবারশূন্য হয়ে পড়েছে। এ ছাড়া গ্যাস সরবরাহের সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনেও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে।

সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে জানিয়ে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই সমাধান আসবে বলে এর আগে আশ্বাস দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement