পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’, সাংবাদিকদের প্রশ্ন নেননি ভারতীয় দূত

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীসহ পাঁচ দেশের কূটনীতিক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে এ দিন বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকে ‘সৌজন্য সাক্ষাৎ’ উল্লেখ করলেও সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি তিনি। সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরে বিদায় নেন তিনি।
দীনেশ ত্রিবেদী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব ও জাতিসংঘের সংস্কার নিয়ে আলোচনা করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। জাতিসংঘের সংস্কারকে সবার অভিন্ন স্বার্থের বিষয় উল্লেখ করে এ বিষয়ে খলিলুর রহমানের অভিজ্ঞতা ও মতামত জানার আগ্রহের কথাও বলেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, “আমাকে কী কিছু বলতে হবে? আসলে, খুব সৎভাবে বলতে গেলে, আমি এখানে এসেছিলাম ভারতের বাংলাদেশস্থ হাইকমিশনার হিসেবে, ইউএনজিএর প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে।”
দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতীয় দূত হিসেবে নিয়োগ পান গত ২৫ জুন। মাসখানেক পর ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তবে খলিলুর রহমান ইউএনজিএ সভাপতির দায়িত্ব নেওয়ার পর তাদের মধ্যে আর সাক্ষাৎ হয়নি।
দীনেশ ত্রিবেদী বলেন, ইউএনজিএ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তিনি সশরীরে উপস্থিত ছিলেন না। সে কারণে ফোনের মাধ্যমে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন। আজ বৃহস্পতিবার সরাসরি সাক্ষাৎ করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। ইউএনজিএ সভাপতি হিসেবে জাতিসংঘের সংস্কারের বিষয়ে দুজনে কথা বলেছেন।
ভারতীয় দূত বলেন, “আমি সংস্কার বিষয়টি বোঝার জন্য খুব আগ্রহী ছিলাম। এবং খলিলুর রহমান সাহেব জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই আমি বুঝতে চেয়েছিলাম যে সংস্কারগুলো কী কী এবং কী করা যেতে পারে। কারণ সেগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট বিষয়।”
দীনেশ ত্রিবেদী আরও বলেন, আমি আজ কেবল সৌজন্য সাক্ষাতের জন্যই এসেছিলাম। এটি মূলতই ছিল একটি সৌজন্য সাক্ষাৎ।
সাংবাদিকদের উদ্দেশে ভারতীয় দূত বলেন, “আমি এ বিষয়ে আর কোনো প্রশ্ন নেব না, আমিও অনুরোধ করছি— আমাকে কেবল এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। তিনি (খলিলুর রহমান) অত্যন্ত জ্ঞানসম্পন্ন একজন ব্যক্তি এবং আমি তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইছিলাম। কারণ জাতিসংঘ হলো অন্যতম সর্বোচ্চ বহুপাক্ষিক সংস্থা।”
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে নিজের জন্য ‘একটি শেখার প্রক্রিয়ার মতো’ উল্লেখ করে ভারতীয় দূত বলেন, “তিনি সশরীরে উপস্থিত আছেন। তাই আমি খলিলুর রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য। আপনারা (সাংবাদিক) সবাই ভালো থাকবেন।”
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়া অন্য কূটনীতিকরা হলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

















-22fc6e-256x144.webp)