মিষ্টির আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু, ২ ঘণ্টায় নিয়েছেন ২১ জন

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর তথা ২৩ নম্বর সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। প্রথম দুই ঘণ্টায় ২১ জন এই ফরম সংগ্রহও করেছেন।
মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় অভিযোগ ওঠে সংরক্ষিত এ আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ আসনের উপনির্বাচনের জন্য ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
দলের দপ্তর সূত্র জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত ২১ জন বিএনপি নেতা এই ফরম সংগ্রহ করেছেন। তবে কে কে ফরম নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ফরম বিক্রির কার্যক্রম শেষ হলে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে জানিয়েছে বিএনপির দপ্তর।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংরক্ষিত এ নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা আজ শুক্রবার থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে হবে। সংগৃহীত ফরম পূরণ করে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে একই কার্যালয়ে।
এর আগে গত ১ অক্টোবর সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য হয়েছে।’
পরে গত সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, প্রার্থী বা প্রস্তাবক বা সমর্থক রিটার্নিং কর্মকর্তার কাছে ২৬ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর।
তফসিলে বলা হয়েছে, ইসির বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। বাছাইয়ে বৈধ প্রার্থীরা ১ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট হবে ১২ নভেম্বর।
জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৫০। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ৩০০ আসনের সংসদ সদস্যদের মধ্যে দলীয় আসনের অনুপাতে সংরক্ষিত আসনগুলোও বণ্টন করা হয়। বর্তমান সংসদে বিএনপি জোটের সংরক্ষিত আসনসংখ্যা ৩৬।
ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপি থেকেই সংরক্ষিত আসনে সংসদ সদস্য হয়েছিলেন। তিনি পদত্যাগ করায় আসনটিতে বিএনপি জোট থেকেই প্রার্থী নির্বাচিত করা হবে।


















-b446b8-256x144.webp)
