মহেশখালীতে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭: ০৬
এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল। ফাইল ছবি: সংগৃহীত
এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল। ফাইল ছবি: সংগৃহীত

মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের অনুমোদন পেয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই)। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি পর্যায়ে (জিটুজি) কুতুবজোম এলএনজি টার্মিনাল স্থাপনে সিএনইইর দেওয়া দর প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নথি অনুযায়ী, প্রকল্পটির জন্য সিএনইইকে সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে। ১৫ বছর মেয়াদে সরকারের ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

গত অক্টোবরে একই ব্যয়ের প্রস্তাব ফেরত পাঠানোর পর প্রকল্পের ব্যয় কমানোর আলোচনা চলছিল। তবে নতুন করে অনুমোদন পাওয়া প্রস্তাবেও ব্যয়ের পরিমাণ অপরিবর্তিত রয়েছে। নথিতে দৈনিক ফি, টার্মিনালের সক্ষমতা কিংবা এটি চালুর সময় সম্পর্কে বিস্তারিত উল্লেখ নেই।

দেশে জ্বালানি সরবরাহের ঘাটতি মোকাবিলায় আরও কয়েকটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে গত ১৯ জুন কুতুবজোমে একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয় সিএনইই। প্রস্তাবে টার্মিনালটির দৈনিক গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তরের (রিগ্যাসিফিকেশন) সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সর্বোচ্চ সক্ষমতা ৭৫০ মিলিয়ন ঘনফুট রাখার কথা বলা হয়।

এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১৫ বছর মেয়াদি চুক্তিতে টার্মিনাল ব্যবহারের জন্য দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার ফি চেয়েছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকারকে দৈনিক ২ লাখ ৫৪ হাজার ডলার এবং সামিট এলএনজি টার্মিনালের জন্য ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার দিতে হয়। সে হিসাবে সিএনইইর প্রস্তাবিত ফি বর্তমান দুই টার্মিনালের তুলনায় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি।

বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে স্বাভাবিক সময়ে সরবরাহ থাকে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট।

মহেশখালীতে বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এক্সিলারেট এনার্জির টার্মিনালের দৈনিক সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সামিটের ৫০০ মিলিয়ন ঘনফুট। এর যেকোনো একটি বিকল হলে গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে। এ পরিস্থিতিতে নতুন তিন থেকে চারটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা করছে সরকার।

এসব প্রকল্পে চীনা বিনিয়োগকারীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেসরকারি প্রতিষ্ঠানও আগ্রহ দেখিয়েছে বলে সরকারের মন্ত্রীরা জানিয়েছেন।

গত ৭ সেপ্টেম্বর এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এফএসআরইউ স্থাপনে ‘স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক’ প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে অত্যন্ত আগ্রহী।

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “দ্রুততম সময়ে টার্মিনাল নির্মাণের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানির প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে।”

তবে শেষ পর্যন্ত টার্মিনাল নির্মাণের অনুমোদন পেল চীনা প্রতিষ্ঠানটি। অক্টোবরের শেষ দিকে দেওয়া সিএনইইর প্রস্তাবে ২০২৮ সালের মধ্যে টার্মিনালটি চালুর পরিকল্পনার কথা বলা হয়েছে।

এলএনজি আমদানির পাঁচ প্রস্তাব অনুমোদন

বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পাশাপাশি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিরও বৈঠক হয়। দুই কমিটির বৈঠকে এলএনজি আমদানির পাঁচটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এসব প্রস্তাবে সায় দেওয়া হয়।

এর মধ্যে জাপানের মার্কেটসের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি সরাসরি এলএনজি কেনার প্রস্তাব রয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মেরিটেস ওয়েল মার্কেটিং লিমিটেড থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির অনুমোদন পাওয়া তিনটি প্রস্তাবই সরকারি ক্রয় আইন অনুযায়ী সরাসরি ক্রয়ের। অর্থাৎ প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই এসব এলএনজি কেনা হবে। তবে এগুলো এখনো নীতিগত অনুমোদনের পর্যায়ে রয়েছে। দাম ও পরিমাণ চূড়ান্ত করার প্রস্তাব পরে ক্রয়সংক্রান্ত কমিটিতে তোলা হবে।

অন্যদিকে, ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে ওমানের ওকিউ ট্রেডিং থেকে ২০২৭ সালের এলএনজি কার্গো কেনার জন্য তিনটি ‘সাইড লেটার’ সই ও দর অনুমোদন করা হয়েছে। মালয়েশিয়ার পেন্টিচিউড এনার্জি থেকেও ২০২৭ সালে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন মিলেছে। তবে উভয় পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানো যেতে পারে বলে নথিতে উল্লেখ রয়েছে।

এ ছাড়া রমজান উপলক্ষ্যে খেজুর আমদানি, সার আমদানি এবং কয়েকটি অবকাঠামো নির্মাণ প্রকল্পের কেনাকাটার প্রস্তাবও বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad