কপ-৩১-এ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
কপ-৩১-এ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর অংশ হিসেবে তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে বিশ্বনেতাদের এ সম্মেলনে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, “জলবায়ু সম্মেলনের পরে প্রধানমন্ত্রী দুপুরে বিশ্ব নেতাদের লিডার্স সামিটে যোগ দিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে অংশ নিচ্ছেন। এ বৈঠকের পরে বিকালে বিশ্ব নেতাদের ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।”

হাসান শিপলু আরও বলেন, “আন্তালিয়া লিডার্স সামিট শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন। বিশ্ব নেতারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি অনানুষ্ঠানিক আলাপচারিতায় অংশ নেন।”

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এর আগে সকালে আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে কপ-৩১ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম।

উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বিশ্বনেতাদের সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া রাতে বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

গত মঙ্গলবার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad